ফিলিস্তিন ইস্যুতে আইসিসিকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান চীনের

ফিলিস্তিন ইস্যুতে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থান বজায় রেখে আইন অনুযায়ী দায়িত্ব পালনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে এ বিষয়ে ধারাবাহিক ও অভিন্ন মানদণ্ড অনুসরণেরও আহ্বান জানিয়েছে দেশটি।

সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ কথা বলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কুও চিয়াখুন বলেন, ফিলিস্তিন ইস্যুতে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইনের কর্তৃত্ব রক্ষায় সহায়ক সব উদ্যোগকে সমর্থন করে চীন। চীনের অবস্থান হলো, আন্তর্জাতিক অপরাধ আদালতের উচিত বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখা এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করা।

তিনি আরও বলেন, রোম সংবিধি ও আন্তর্জাতিক আইনের সাধারণ নীতিমালা পূর্ণাঙ্গভাবে, সদিচ্ছার সঙ্গে এবং অভিন্ন মানদণ্ড অনুসরণ করে ব্যাখ্যা ও প্রয়োগ করা উচিত।

সিএমজি