বিদেশে থাকা তাইওয়ানবাসীদেরও কনস্যুলার সুরক্ষা দেবে চীন: মুখপাত্র

বিদেশে অবস্থানরত চীনা নাগরিকদের পাশাপাশি তাইওয়ান অঞ্চলের বাসিন্দাদেরও কনস্যুলার সুরক্ষা ও সহায়তা দেওয়া মূল ভূখণ্ড চীনের দায়িত্ব বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়।

বুধবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কার্যালয়ের মুখপাত্র চাং হান এ কথা বলেন।

সম্প্রতি রাশিয়ার ইরকুতস্কের কাছে এক সড়ক দুর্ঘটনায় কয়েকজন তাইওয়ান পর্যটক আহত হন। এ ঘটনায় চীনের ইরকুতস্ক কনস্যুলেট জেনারেলের সহায়তা প্রসঙ্গে জানতে চাইলে চাং হান বলেন, গভীর রাতে সহায়তার অনুরোধ পাওয়ার পরপরই কনস্যুলেট দ্রুত স্থানীয় হাসপাতালের সঙ্গে সমন্বয় করে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করে এবং গুরুতর আহত তাইওয়ান পর্যটকদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নেয়।

তিনি জানান, আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

চাং হান বলেন, তাইওয়ান প্রণালীর দুই পাশের মানুষই চীনা। আমাদের স্বদেশিরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তারা মাতৃভূমির যত্ন ও সুরক্ষার ওপর আস্থা রাখতে পারেন।

তিনি আরও বলেন, বিদেশে থাকা চীনা নাগরিকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে মূল ভূখণ্ড চীন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং তাইওয়ান অঞ্চলের নাগরিকরাও সেই সুরক্ষা ও সহায়তার আওতায় রয়েছেন।

সূত্র: সিএমজি বাংলা