সাকিব সিকান্দার
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে বিশ্বের বৃহত্তম একক ‘কয়লা থেকে তরল’ জ্বালানি প্রকল্পের (সিটিএল) বুদ্ধিমান (ইন্টেলিজেন্ট) রূপান্তর সম্পন্ন হয়েছে এবং রোববার থেকে এটি উৎপাদনে প্রবেশ করেছে।
এই রূপান্তরের পর বছরে ৪০ লাখ টন উৎপাদনক্ষমতাসম্পন্ন কয়লা তরলীকরণ প্রকল্পটির যন্ত্রপাতির স্বয়ংক্রিয় পরিচালনার হার ৯৯ দশমিক ৮ শতাংশে পৌঁছাবে। প্রকল্পটির মূল সরঞ্জামগুলো দীর্ঘ সময় কোনো জনবল ছাড়াই পরিচালনা করা সম্ভব হবে। একই সঙ্গে উৎপাদন প্রক্রিয়ার স্থিতিশীলতার হার ৮৫ শতাংশ থেকে বেড়ে ৯৯ দশমিক ৫ শতাংশেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন শেনহুয়া গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানের বাস্তবায়িত এই কয়লা-থেকে-তরল জ্বালানি প্রকল্পটি ২০১৬ সালের ডিসেম্বর মাসে উৎপাদন শুরু করে।
চীনের উদ্ভাবনভিত্তিক উন্নয়ন কৌশলের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত এই প্রকল্পের লক্ষ্য হলো নিরাপদ, কার্যকর, পরিচ্ছন্ন ও নিম্ন-কার্বন জ্বালানি উন্নয়নের পথ অনুসন্ধান করা এবং কয়লার পরিচ্ছন্ন ও দক্ষ ব্যবহারকে আরও এগিয়ে নেওয়া।
সূত্র: সিএমজি