বেঁচে ফেরা ভিয়েতনামি নাবিকদের বার্তা— ‘ধন্যবাদ চীন’

দক্ষিণ চীন সাগরে জাহাজডুবির পর চীনের দ্রুত উদ্ধার অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্ধার হওয়া ভিয়েতনামি নাবিকরা। ভিডিও বার্তায় তারা বলেন, ‘ধন্যবাদ চীন’।

উদ্ধার হওয়া এক নাবিক চীনা উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাতে লেখা একটি চিঠিও প্রকাশ করেছেন।

এদিকে, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জাহাজডুবির পর দ্রুত অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য চীনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু হাং জানান, দুর্ঘটনার পর ভিয়েতনাম দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং ঘটনাস্থলের কাছে থাকা চীনা উদ্ধারকারী বাহিনী ও জাহাজগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করে।

তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে উভয় দেশ ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা করছে ভিয়েতনাম।

এর আগে শুক্রবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে দক্ষিণ চীন সাগরের নানশা দ্বীপপুঞ্জের ইয়ংশু রিফের কাছে ভিয়েতনামের পতাকাবাহী ‘খোই নুয়েন ১৮’ জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ৬২ জন ছিলেন।

রোববার পর্যন্ত চীনা উদ্ধারকারী দল ৪৫ জনকে জীবিত উদ্ধার করেছে। দুর্ঘটনার পর চীন ও ভিয়েতনাম যৌথভাবে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: সিএমজি