চীনের দুইটি পুলিশ শান্তিরক্ষা দল জাতিসংঘের মিশনে যোগ দিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও সাইপ্রাসের উদ্দেশে রওনা হয়েছে। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, সাত সদস্যের এই দুই দলে থাকা কর্মকর্তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার বেইজিংয়ে এই দুই দলের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মিশন এলাকায় পৌঁছানোর পর চীনা শান্তিরক্ষীরা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় পুলিশ ব্যবস্থার উন্নয়নে সহায়তা করা, মানবিক ত্রাণ কার্যক্রমে সহযোগিতা এবং জাতিসংঘের কর্মকর্তা ও স্থাপনার সুরক্ষায় কাজ করবেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে সমর্থন করে আসছে এবং এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশটির পুলিশ শান্তিরক্ষীরা জাতিসংঘের নির্ধারিত ম্যান্ডেট অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
সূত্র: সিএমজি