মূল ভূখণ্ডের বাসিন্দাদের তাইওয়ান ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের

জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মূল ভূখণ্ডের বাসিন্দাদের চীনের তাইওয়ান ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার জন্য তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেংলিয়ান বলেন, শাংহাই পৌরসভা ও ফুচিয়ান প্রদেশের পর্যটন খাতের প্রতিনিধিদের তাইওয়ানে প্রস্তুতিমূলক সফরের আবেদন প্রত্যাখ্যান করে ডিপিপি কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, এই সিদ্ধান্ত তাইওয়ানের পর্যটন খাত ও সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর সমালোচনার মুখে পড়েছে।

চু বলেন, ‘শাংহাই ও ফুচিয়ানের বাসিন্দাদের তাইওয়ানে ভ্রমণ পুনরায় চালু হওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। এটি তাইওয়ানের মূলধারার জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রণালীর দুই পাড়ের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে সহায়ক হবে।‘

তিনি আরও বলেন, আবাসন, পর্যটন কেন্দ্র পরিদর্শন এবং অভ্যর্থনা ব্যবস্থার সমন্বয়ের জন্য প্রস্তুতিমূলক সফর পর্যটন শিল্পের এক স্বাভাবিক ও প্রচলিত প্রক্রিয়া, যা সম্পূর্ণভাবে বেসরকারি ও ব্যবসায়িক আদান-প্রদানের অংশ।

চু অভিযোগ করেন, ‘ডিপিপি কর্তৃপক্ষ একতরফাভাবে পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে পূর্ব পরামর্শকে পূর্বশর্ত হিসেবে চাপিয়ে দিয়েছে এবং প্রস্তুতিমূলক সফরের আবেদনগুলো প্রত্যাখ্যান করেছে। এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক কারসাজি এবং কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি ছাড়া আর কিছু নয়।‘

শেষে তিনি বলেন, ‘ডিপিপি কর্তৃপক্ষ যদি সত্যিই পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জীবিকার বিষয়টি গুরুত্ব দেয়, তাহলে তাদের উচিত দ্রুত তাইওয়ান ভ্রমণে মূল ভূখণ্ডের বাসিন্দাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।‘

সিএমজি বাংলা

china