শূন্য শুল্ক ও সবুজ চ্যানেল নীতি-সুবিধা কাজে লাগাতে পারে বতসোয়ানা: দুমা বোকোর সঙ্গে সাক্ষাতে লি ছিয়াং

সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়নের ধারা বজায় রেখেছে চীন-বতসোয়ানা সম্পর্ক। চীন বতসোয়ানার সঙ্গে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা গড়ে তুলতে এবং অর্থনৈতিক পারস্পরিক সম্পূরক সুবিধাগুলো আরও ভালোভাবে কাজে লাগাতে আগ্রহী। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক যৌথ কমিটির মাধ্যমে খনন, ডিজিটাল প্রযুক্তি, সবুজ জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতেও ইচ্ছুক চীন। ১৫ অক্টোবর বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে চীন সফরে আসা বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা বোকোর সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

লি ছিয়াং জানান, গতকাল প্রেসিডেন্ট সি চিন পিং প্রেসিডেন্টের বোকোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের সম্পর্ক গভীর করার জন্য একটি নতুন পরিকল্পনাও তৈরি করেছেন প্রেসিডেন্ট সি।

তিনি আরও বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্ব অনুসরণ করে রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস আরও সুদৃঢ় করতে ইচ্ছুক চীন। এ ছাড়া পরস্পরের মূল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দৃঢ়ভাবে পারস্পরিক সমর্থন দিয়ে যৌথভাবে উন্নয়ন ও পুনরুজ্জীবন এগিয়ে নিতেও চীন আগ্রহী।

চীনের শূন্য শুল্ক নীতি ও চীনে রপ্তানিকৃত পণ্যের ‘সবুজ চ্যানেল’-এর মতো নীতি সুবিধাগুলো কাজে লাগিয়ে বতসোয়ানার আরও বেশি উত্কৃষ্ট পণ্য চীনা বাজারে প্রবেশ করাতে পারে। সেইসঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তি উন্নীত করে দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে পারে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী লি ছিয়াং আরও বলেন, উভয়পক্ষ শিক্ষা, যুব, সংস্কৃতি, পর্যটন, চিকিত্সা ও স্বাস্থ্যসেবা ইত্যাদির বিনিময় ও সহযোগিতা সম্প্রসারিত করতে পারে।

বতসোয়ানাসহ আফ্রিকান দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন করে চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আরও বেশি গতি সঞ্চার করতে চীন ইচ্ছুক বলেও জানান লি ছিয়াং।

বোকো জানান, তার সফরকালে প্রেসিডেন্ট সি’র সঙ্গে দুই দেশের সম্পর্ক সর্বাত্মক কৌশলগত সহযোগিতা অংশীদারত্বে উন্নীত হয়েছে, যা একটি মাইলফলক।

তিনি আরও বলেন, বতসোয়ানা দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করে এবং তার দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের শক্তিশালী সমর্থন ও সহায়তার জন্য কৃতজ্ঞ।

চীনের শূন্য শুল্ক নীতি কাজে লাগিয়ে চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারিত করার পাশাপাশি অবকাঠামো, প্রযুক্তি, চিকিত্সা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তবমুখী সহযোগিতা আরও জোরদারে বতসোয়ানা ইচ্ছুক বলেও জানান তিনি।

সি’র প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে চীনের সঙ্গে বহুপাক্ষিক সমন্বয় ঘনিষ্ঠ করে যৌথ উন্নয়ন অর্জন করতে ইচ্ছুক বলেও জানান দুমা বোকো।

সূত্র: সিএমজি