শেনচৌ-২৩ মহাকাশচারীদের প্রথম স্পেসওয়াক

চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে অবস্থানরত শেনচৌ-২৩ মিশনের নভোচারীরা প্রথম দফার স্পেসওয়াক অর্থাৎ স্টেশনের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। চায়না মেনড স্পেস এজেন্সি (সিএমএসএ) শুক্রবার এ খবর দিয়েছে।

মহাকাশ স্টেশনের রোবোটিক আর্ম এবং গ্রাউন্ড সাপোর্ট টিমের সহায়তায় নভোচারী —চু ইয়াংচু, চাং চিইউয়ান এবং লাই খ্য-ইং—প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে এ কার্যক্রম পরিচালনা করেন এবং বেইজিং সময় দুপুর ১টা ৫৯ মিনিটে কাজ শেষ করেন। চু ইয়াংচু তিন বছর আগে প্রথম স্পেসওয়াক করেছিলেন। এবার তিনি দ্বিতীয়বারের মতো বাইরে বের হন; অন্যদিকে চাং চিইউয়ান প্রথমবারের মতো মহাকাশ স্টেশনের বাইরে কাজ করলেন।

সিএমএসএ জানিয়েছে, মহাকাশ স্টেশনকে মহাকাশ বর্জ্য থেকে সুরক্ষায় বিশেষ শিল্ড স্থাপন এবং সোলার প্যানেল মেরামত করেছেন চু ও চাং। এর মাধ্যমে স্টেশনের বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘমেয়াদী মিশনের উদ্দেশ্যে গত ২৪ মে শেনচৌ-২৩ মহাকাশযানে করে এই তিন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হয়।

সিএমএসএ জানিয়েছে যে, মহাকাশ-ভিত্তিক জীবন বিজ্ঞান, মানব বিষয়ক গবেষণা, মাইক্রোগ্রাভিটি পদার্থবিজ্ঞান এবং নতুন মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তিগত পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে এগিয়ে নিচ্ছেন মহাকাশচারীরা।

সংস্থাটি আরও জানায়, আগামী মাসগুলোতে তারা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, প্রযুক্তিগত পরীক্ষা, স্টেশনের বাইরে অ্যাপ্লিকেশন পেলোড স্থাপন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন।

মহাকাশ স্টেশনের দীর্ঘমেয়াদি ও নিরাপদ অপারেশন নিশ্চিত করতে এই ধরনের নিয়মিত স্পেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সূত্র: সিএমজি