চীনের অর্থায়নে কম্বোডিয়ায় মহাসড়ক সম্প্রসারণ উদ্বোধন, বাড়বে বাণিজ্য ও পর্যটন

আফরিন মিম

চীনের অর্থায়নে নির্মিত কম্বোডিয়ার জাতীয় সড়ক-৭-এর সম্প্রসারিত একটি অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলে উদ্বোধন হওয়া এই সড়কটি আঞ্চলিক বাণিজ্য, পর্যটন এবং পণ্য পরিবহনকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, স্কুন মার্কেট রাউন্ডঅ্যাবাউট থেকে কাম্পং চাম শহরের কিজুনা ব্রিজ রাউন্ডঅ্যাবাউট পর্যন্ত ৪৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি দুই লেন থেকে চার লেনে উন্নীত হয়েছে।

তিনি বলেন, এই সড়ক জনসাধারণের যাতায়াত সহজ করবে, বাণিজ্য ও পর্যটনের প্রসারে ভূমিকা রাখবে এবং স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে। দেশের মধ্যাঞ্চলের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সংযোগকারী গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডর হিসেবে এটি আরও কার্যকর ভূমিকা পালন করবে।

হুন মানেত জানান, সড়কটি ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামাল দিতে সক্ষম হবে। পাশাপাশি বাণিজ্যিক, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের পণ্য পরিবহন দ্রুততর হবে এবং দেশের লজিস্টিক খাত আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, প্রাচীন মন্দির, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক-সাংস্কৃতিক নিদর্শনের জন্য পরিচিত কাম্পং চাম প্রদেশে পর্যটনের বিকাশেও এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প কম্বোডিয়া ও চীনের ঘনিষ্ঠ সহযোগিতার আরেকটি সফল উদাহরণ। তিনি কম্বোডিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বোডিয়ার গণপূর্ত ও পরিবহনমন্ত্রী পেং পোনিয়া জানান, চীনের সরকারি স্বল্প সুদে ঋণের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন। প্রকল্পটির নির্মাণকাজ শেষ করতে সময় লেগেছে ২৭ মাস।

তিনি বলেন, সম্প্রসারিত এই সড়ক কাম্পং চাম এবং আশপাশের সম্ভাবনাময় প্রদেশগুলোর মধ্যে যোগাযোগ ও বাণিজ্য আরও সহজ করবে এবং আঞ্চলিক আর্থ-সামাজিক উন্নয়নে গতি আনবে।

মন্ত্রী আরও জানান, এই সড়কের মাধ্যমে রাবার, ধান, গোলমরিচ, কাসাভা, কাজুবাদাম, ভুট্টা, আখ, তামাক, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের ফল ও সবজিসহ কৃষিপণ্য পরিবহন আরও দ্রুত ও সহজ হবে।

সিএমজি