শেনচৌ-২৪ মানববাহী মহাকাশ মিশনের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ)।
শনিবার সংস্থাটির প্রকাশিত বিবরণ অনুযায়ী, লোগোটির পটভূমিতে পৃথিবীকে তুলে ধরা হয়েছে। এর মূল চিত্রে কক্ষপথে চীনের মহাকাশ স্টেশনের সঙ্গে শেনচৌ-২৪ মানববাহী মহাকাশযানের সংযুক্ত হওয়ার দৃশ্য দেখানো হয়েছে।
লোগোটির নকশায় ভিন্ন রঙের দুটি অর্ধবৃত্তের মাধ্যমে প্রতিসম বিন্যাস তৈরি করা হয়েছে। ওপরের গাঢ় নীল অর্ধবৃত্ত বিশাল আকাশ ও মহাকাশ অভিযানের স্বপ্নের প্রতীক। অন্যদিকে, নিচের লাল অর্ধবৃত্ত মহাকাশ শক্তি হিসেবে চীনকে গড়ে তোলার পেছনের আবেগ, উদ্দীপনা ও দৃঢ় প্রত্যয়কে তুলে ধরে।
নিচের লাল অর্ধবৃত্তের মধ্যে প্রাচীন চীনা ড্রাগন-নকশার জেড পেনড্যান্ট বা ঐতিহ্যবাহী বাঁকানো জেড অলংকারের আদলে একটি নকশা যুক্ত করা হয়েছে।
এই নকশার মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির গভীর সমন্বয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি ঐতিহ্যকে এগিয়ে নেওয়া, উদ্ভাবন অনুসরণ এবং মহাকাশের অসীম সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে চীনের মহাকাশকর্মীদের দৃঢ় পদক্ষেপের প্রতিফলন ঘটানো হয়েছে।
পৃথিবীর দুই পাশে ছড়িয়ে থাকা তারাগুলো মহাবিশ্বের বিশালতা ও গভীরতাকে তুলে ধরেছে। এ ছাড়া লোগোতে শৈল্পিকভাবে ‘২০২৬’ ও ‘এসজেড-২৪’ লেখা হয়েছে, যা মিশনের বছর ও পরিচিতি নির্দেশ করে।
চীনের মানববাহী মহাকাশ সংস্থা জানিয়েছে, শেনচৌ-২৪ মহাকাশযানটি আগামী নভেম্বরের শেষ দিকে উৎক্ষেপণের কথা রয়েছে। ছয় মাসব্যাপী এই মিশনের মাধ্যমে চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে নিরবচ্ছিন্নভাবে নভোচারীদের উপস্থিতি বজায় রাখা হবে। এ সময় শেনচৌ-২৪-এর নভোচারীরা শেনচৌ-২৩-এর ক্রুদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।
সংস্থাটি আরও জানিয়েছে, শেনচৌ-২৪ মানববাহী মহাকাশ মিশনে একজন পাকিস্তানি নভোচারী পেলোড বিশেষজ্ঞ হিসেবে অংশ নেবেন।
সূত্র: সিএমজি