শ্রীলঙ্কায় চীনের সহায়তায় পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন, উপকৃত হবেন ২৫ হাজার পরিবার

শ্রীলঙ্কার অনুরাধাপুরায় সম্প্রতি উদ্বোধন করা হয়েছে ‘থাম্বুত্তেগামা পানি সরবরাহ প্রকল্প’। চীনের জিও-ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

এই প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে একটি আধুনিক পানি শোধনাগার, যার দৈনিক পানি প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা ১৮ হাজার ঘনমিটার। এছাড়া ৪২ হাজার ঘনমিটার ধারণক্ষমতার একটি পানি গ্রহণ ব্যবস্থা, তিনটি সুউচ্চ পানির টাওয়ার এবং ২০৪ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে বিস্তৃত পানি সরবরাহ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হওয়ায় এখন থেকে স্থানীয় ২৫ হাজারেরও বেশি পরিবার নিরবচ্ছিন্ন ও নিরাপদ পানি সুবিধা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রীলঙ্কার গৃহায়ণ, নির্মাণ ও পানি সরবরাহ মন্ত্রী সুসিল রানাসিংহে এই প্রকল্প সফলভাবে সম্পন্ন করার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই প্রকল্পটি স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অনস্বীকার্য ভূমিকা রাখবে।”

প্রকল্পের ব্যবস্থাপক ওয়াং বিন জানান, যে এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে, সেখানে দীর্ঘদিন ধরেই সুপেয় পানির অভাব এবং পানির গুণগত মান নিয়ে বড় ধরনের সমস্যা ছিল। এতে ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রকল্পের সফল সমাপ্তির ফলে স্থানীয় পানি সরবরাহ ব্যবস্থার গুণগত মান এবং সুপেয় পানির নিরাপত্তা নিশ্চিত হবে।

সূত্র: সিএমজি