শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুক্রবার ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’ গ্রন্থের পঞ্চম খণ্ডের প্রকাশনা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রন্থটির পঞ্চম খণ্ড নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র বিষয়ক সি চিন পিং চিন্তাধারার সর্বশেষ তাত্ত্বিক অর্জনকে ব্যাপক ও সুসংগঠিতভাবে তুলে ধরেছে। একইসঙ্গে এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে চীনের উন্নয়নের পথ, রাষ্ট্র পরিচালনার দর্শন এবং শাসনব্যবস্থা সম্পর্কে আরও গভীর ধারণা পেতে সহায়তা করবে।
বক্তারা আরও বলেন, আধুনিকায়নের পথে চীন ও শ্রীলঙ্কা একে অপরের অংশীদার। এ ধরনের আয়োজন পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, ঐকমত্য গড়ে তোলা, সহযোগিতা জোরদার এবং অভিন্ন ভবিষ্যতের চীন-শ্রীলঙ্কা সম্প্রদায় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার জগৎ বিক্রমারত্নে বলেন, বইটির পঞ্চম খণ্ড চীনের রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে মূল্যবান দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। তিনি আরও বলেন, এটি শুধু চীনের উন্নয়নের অভিজ্ঞতাই নয়, বরং বিশ্বশান্তি রক্ষা ও যৌথ সমৃদ্ধি অর্জনে চীনের দৃষ্টিভঙ্গিও তুলে ধরে।
তিনি আরও জানান, আন্তরিক পারস্পরিক সহযোগিতা ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভিত্তিতে শ্রীলঙ্কা-চীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে এবং সব ক্ষেত্রে চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণে শ্রীলঙ্কা আগ্রহী।
এ সময় শ্রীলঙ্কার শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক উপমন্ত্রী মধুরা সেনেভিরাথ্না বলেন, গ্রন্থটির পঞ্চম খণ্ডে অর্থনৈতিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন, আধুনিক শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ চীনা আধুনিকায়নের একটি সুস্পষ্ট কাঠামো উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, যেসব দেশ নিজেদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক শিকড় অক্ষুণ্ন রেখে আধুনিকায়ন করতে চায়, তাদের জন্য এ বইটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।
শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গিগানাগে উইরাসিংহে বলেন, নতুন মানসম্পন্ন উৎপাদনশীল শক্তির বিকাশ, উচ্চমানের উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরতা এবং পরিবেশবান্ধব সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টির অর্জন সমাজতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরে।
অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে শ্রীলঙ্কার অতিথিদের কাছে ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’ -এর পঞ্চম খণ্ডের ইংরেজি সংস্করণ এবং দ্বিতীয় খণ্ডের সিংহলি ভাষার সংস্করণ উপহার হিসেবে প্রদান করা হয়।
সূত্র: সিএমজি