বেইজিংয়ে মঙ্গোলিয়ার ডেমোক্রেটিক পার্টির (ডিপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা লি কানচিয়ে।
মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে মঙ্গোলিয়ার ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ওডন সোতগেরেল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রধান লি কানচিয়ে বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতাগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে মঙ্গোলিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।
তিনি বলেন, দুই দেশের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করা, উন্নয়ন কৌশলের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও গভীর করা এবং বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বাড়ানোর বিষয়ে চীন গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে চীন-মঙ্গোলিয়া অভিন্ন ভবিষ্যৎসমৃদ্ধ একটি সম্প্রদায় গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ওপরও জোর দেন তিনি।
বৈঠকে মঙ্গোলিয়ার ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ওডন সোতগেরেল বলেন, তার দল দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে। চীনের সঙ্গে আন্তঃদলীয় যোগাযোগ আরও জোরদার করে মঙ্গোলিয়া-চীন সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সূত্র: সিএমজি