৩৩ দেশের ৩০০ প্রতিনিধি নিয়ে চীনে উন্নয়ন ফোরাম

বৈশ্বিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে অনুষ্ঠিত হয়েছে ‘চায়না ইন সাইট, গ্লোবাল ইনসাইট’ ফোরাম ২০২৬। গেল শুক্রবার আয়োজিত এই আন্তর্জাতিক ফোরামে এশিয়া, ইউরোপ এবং ওশেনিয়া অঞ্চলের ৩৩ দেশের প্রায় ৩০০ জন রাজনীতিবিদ, গবেষক এবং ব্যবসায়ী নেতা অংশ নেন।

‘ইন্টেলিজেন্ট কানেক্টিভিটি: এ নিউ ভিশন ফর গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন’ বা বুদ্ধিবৃত্তিক সংযোগ: বৈশ্বিক উন্নয়ন ও সহযোগিতার এক নতুন রূপকল্প এই প্রতিপাদ্যে ফোরামটি যৌথভাবে আয়োজন করে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগ এবং সিপিসি আনহুই প্রাদেশিক কমিটি।

ফোরামে অংশগ্রহণকারীরা তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে অবকাঠামোগত সংযোগ বাড়ানো, পারমাণবিক জ্বালানি সহযোগিতার সুফল এবং এআইয়ের অন্তর্ভুক্তিমূলক ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর আলোচনা ও মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা এবং উভয় পক্ষের লাভজনক ফলাফল অর্জনের অভিন্ন আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তারা মনে করেন, এই ফোরাম বৈশ্বিক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে নতুন ঐকমত্য গঠন করবে পাশাপাশি সম্মিলিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিএমজি