খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের ব্যর্থতা এবং জনগণের জীবিকার প্রতি তাদের উদাসীনতার প্রতিবাদে শনিবার চীনের তাইওয়ানের রাজধানী তাইপেইতে বিশাল সমাবেশ হয়েছে।
প্রচণ্ড গরম উপেক্ষা করে তাইওয়ানের হাজার হাজার বাসিন্দা দ্বীপটির প্রশাসনিক কার্যালয়ে কেতাগালান বুলেভার্ডের সামনে সমবেত হন।
সম্প্রতি তাইওয়ানে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত একটি বড় কেলেঙ্কারি সামনে আসে; সয়াবিন সালাদ তেলে অতিরিক্ত মাত্রায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান (কার্সিনোজেন) পাওয়া যায়, যা পুরো দ্বীপজুড়ে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করে।
দূষিত তেলের এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর প্রায় এক মাস অতিবাহিত হয়েছে। অথচ ডিপিপি কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নিতে গড়িমসি করেছে, দায় এড়ানোর চেষ্টা করেছে এবং তথ্য গোপন করার অপচেষ্টা চালিয়েছে।
কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করতে অনেক পরিবার—শিশু ও বয়স্কসহ—এই সমাবেশে অংশ নেয়। বিক্ষোভকারীরা ‘খাদ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা, জনস্বাস্থ্য নিয়ে তথ্য গোপন’ এবং ‘খাদ্য নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় জনগণের দুর্ভোগ’—লেখা প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি তাঁরা ‘খাদ্য নিরাপত্তা পুনরুদ্ধার করুন’ এবং ‘লাই চিং-তে-কে অবশ্যই ক্ষমা চাইতে হবে’-এর মতো স্লোগান দেন।
তাইপেইয়ের মেয়র চিয়াং ওয়ান-আন জানান যে, ‘পুরো তাইওয়ানজুড়ে ১ হাজার ৩৫০টিরও বেশি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শুধুমাত্র তাইপেইতেই ১ লাখেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক এর প্রভাবে পড়েছেন। তিনি তাইওয়ানের নেতা লাই চিং-তে-র প্রতি আহ্বান জানান, যেন তিনি জনগণের কথা শোনেন এবং ক্ষতিকর তেলের কেলেঙ্কারিটির যথাযথ সমাধান করেন।
চীনা কুওমিনতাং পার্টির চেয়ারপারসন চেং লি-উনও এই বিক্ষোভে যোগ দেন। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, যেন তারা সম্মিলিতভাবে খাদ্য নিরাপত্তা রক্ষা করেন এবং এই নির্লজ্জ ডিপিপি কর্তৃপক্ষকে ক্ষমতাচ্যুত করেন।
দ্বীপটির অনেক রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন এই সমাবেশের প্রতি সমর্থন জানিয়েছে। সমাবেশে ২ লাখেরও বেশি মানুষ সমবেত হয় বলে দাবি করেন আয়োজকরা।
সূত্র: সিএমজি বাংলা