আফরিন মিম
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা-মা বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অবদান রেখে গেছেন। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানও সেই পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
ইয়াও ওয়েন বলেন, তারেক রহমানের বাবা বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, তার মা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও পরিণত ও শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি স্মরণ করেন, সাবেক প্রধানমন্ত্রী অন্তত তিনবার চীন সফর করেছিলেন, যা দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বিশ্বাস করে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিবারের সেই ঐতিহ্য বহন করে বাংলাদেশ-চীন বন্ধুত্বকে আরও এগিয়ে নেবেন। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, সামাজিক উন্নয়ন এবং জাতীয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইয়াও ওয়েন জানান, সাম্প্রতিক উচ্চপর্যায়ের আলোচনায় বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। দুই দেশ ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, যা ভবিষ্যতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি বলেন, এই নতুন ঐকমত্য বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গতিশীল ও কৌশলগত পর্যায়ে নিয়ে যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর হবে।
সিএমজি বাংলা