সাকিব সিকান্দার
একের পর এক দেশীয় জনপ্রিয় নতুন চলচ্চিত্র মুক্তির ফলে চীনের সিনেমাপ্রেমীরা আবারও প্রেক্ষাগৃহমুখী হচ্ছেন। এর প্রভাবে ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিসে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে এবং মোট আয় গত বছরের একই সময়ের তুলনায় বেশি হয়েছে।
সোমবার মধ্যরাত পর্যন্ত প্রাক্-বিক্রয়সহ ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ৫ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান (৮৪ কোটি ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি) ছাড়িয়েছে। এর ফলে অগ্রিম বিক্রয়সহ ২০২৬ সালে চীনের মোট বক্স অফিস আয় ২১ দশমিক ৫ বিলিয়ন ইউয়ানেরও বেশি হয়েছে।
এ পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, চলতি বছরের বক্স অফিসের ধারা ২০২৫ সালের তুলনায় আরও এগিয়ে রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালও চীনের চলচ্চিত্র শিল্পের জন্য রেকর্ড গড়ার বছর ছিল।
এ গ্রীষ্ম মৌসুমে চীনের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেশি-বিদেশি ১২০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এসব চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইতিহাস, কমেডি, অ্যাকশন, অ্যানিমেশন ও বিজ্ঞান কল্পকাহিনিসহ নানা ধরনের গল্প।
সবচেয়ে আলোচিত সাফল্যগুলোর একটি হলো অ্যানিমেটেড কমেডি চলচ্চিত্র ‘অল উইশেস কাম ট্রু!’। মুক্তির পর গত শনিবার থেকে মাত্র আট দিনেই চলচ্চিত্রটি ৬০ কোটি ইউয়ান আয় করেছে। প্রযোজকেরা জানিয়েছেন, শিগগিরই এটি অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, ইউরোপসহ আরও বিভিন্ন অঞ্চলে মুক্তি পাবে।
ভালো ব্যবসা করছে ক্রীড়াভিত্তিক কমেডি ‘কুং ফু সকার’। কল্পিত একটি নারী ফুটবল দলের প্রতিযোগিতামূলক যাত্রাকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরা এ চলচ্চিত্রটি জুলাইয়ের শুরুতে মুক্তির পর থেকে ১ দশমিক ৯ বিলিয়ন ইউয়ানের বেশি আয় করেছে।
এ ছাড়া ব্যঙ্গাত্মক সুপারহিরো অ্যাকশন কমেডি ‘কিপ রিয়েল’, ক্রীড়াভিত্তিক নাট্যধর্মী চলচ্চিত্র ‘ইটস মাই টাইম’ এবং অ্যানিমেটেড গোয়েন্দা চলচ্চিত্র ‘ডেমন এজেন্ট’ বক্স অফিসে সফলতা পেয়েছে।
অন্যদিকে, উনিশ ও বিশ শতকে বিদেশে বসবাসকারী চীনাদের নিজ দেশে পাঠানো চিঠি ও অর্থকে বোঝাতে ব্যবহৃত ঐতিহ্যবাহী ‘চিয়াওপি’ প্রথাকে কেন্দ্র করে নির্মিত ‘ডিয়ার ইউ’ চলচ্চিত্রটি এপ্রিলের শেষ দিকে মুক্তির পর থেকেই জনপ্রিয়তা ধরে রেখেছে। চলচ্চিত্রটির বৈশ্বিক বক্স অফিস আয় ইতোমধ্যে ২ দশমিক ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।
সূত্র: সিএমজি