চীনের কেন্দ্রীয় ওষুধ সংগ্রহ কর্মসূচি: ১২তম দফায় বাছাই হলো ৬৫ ধরনের ওষুধ

চীনের কেন্দ্রীয় ওষুধ সংগ্রহ কর্মসূচির দ্বাদশ দফায় মোট ৬৫ ধরনের ওষুধ বাছাই করা হয়েছে। এর ফলে রোগীরা চলতি বছরের শেষ নাগাদ আরও সাশ্রয়ী মূল্যে এসব ওষুধ লাভ করবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ন্যাশনাল হেলথকেয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এই কর্মসূচির ফলাফল প্রকাশ করেছে।

বাছাইকৃত ওষুধগুলো বিভিন্ন ধরনের চিকিৎসাক্ষেত্রকে কভার করেছে, যার মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফেক্টিভ বা সংক্রমণ প্রতিরোধী ওষুধ, অনকোলজি বা ক্যানসার চিকিৎসা, রক্ত জমাট বাঁধা রোধকারী চিকিৎসা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, রিউমাটোলজি এবং ইমিউনোলজি, পাশাপাশি প্রদাহ ও ব্যথা উপশমকারী থেরাপি।

এই কর্মসূচির আওতায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো পাবলিক হাসপাতালের সাথে বড় পরিমাণের সরবরাহ চুক্তির বিনিময়ে দাম কমাতে রাজি হয়। এই সর্বশেষ দফার বিডিং বা দরপত্র প্রক্রিয়া শুক্রবার শাংহাইতে অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বিডিং ফলাফল অনুযায়ী, ৪৫ হাজার চিকিৎসা প্রতিষ্ঠান ক্রয়ের চাহিদা জমা দিয়েছিল এবং ৩২৭টি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির মোট ৫২১টি পণ্য বিজয়ী হয়েছে। প্রশাসন জানিয়েছে, শক্তিশালী ক্লিনিক্যাল স্বীকৃতি, নির্ভরযোগ্য গুণগত মান এবং সুনিশ্চিত সরবরাহ সক্ষমতা সম্পন্ন দেশি-বিদেশি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পণ্যগুলোকে এই প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পাশাপাশি এই কর্মসূচিতে যৌক্তিক শিল্প প্রতিযোগিতার ওপরও জোর দেওয়া হয়েছে। গড়ে প্রতিটি ওষুধের জন্য ১৫ জন দরদাতা অংশ নেয় এবং সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ প্রকারটিতে সর্বোচ্চ ৪৯টি কোম্পানি প্রতিদ্বন্দ্বিতা করে।

সূত্র: সিএমজি