প্রতারণার দায়ে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। এই রায়ের পর গত ২৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিনের আদেশ দেন।