কাতারে কোনো ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। কাতারের পেনাল কোডের ৩৩৩ নম্বর ধারায় এই আইনি বিধিনিষেধের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
সতর্কতা ও করণীয়
- ছবি তোলার আগে অনুমতি নিন: যেকোনো ব্যক্তিগত বা ছোট দলের ছবি তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই সুস্পষ্ট অনুমতি গ্রহণ করতে হবে।
- দুর্ঘটনার দৃশ্য ধারণ থেকে বিরত থাকুন: সড়ক দুর্ঘটনা বা জরুরি উদ্ধারকাজে ভুক্তভোগী ও আহতদের ভিডিও করা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের পরিস্থিতিতে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।
- জনপরিসরে সচেতন থাকুন: জনবহুল স্থানে ছবি তোলার সময় খেয়াল রাখতে হবে যেন আশপাশের সাধারণ মানুষ আপনার ছবির মূল ফ্রেমে চলে না আসে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার ক্রাইম বা এ ধরনের কোনো অপরাধের শিকার হলে মেট্রাশ২ (Metrash2) অ্যাপের মাধ্যমে দ্রুত রিপোর্ট করা সম্ভব। জননিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।