কুয়াংতোংকে বৈশ্বিক বুদ্ধিমান কম্পিউটিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য চীনের

শক্তিশালী সার্ভার শিল্পভিত্তি ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কম্পিউটিং অবকাঠামোর আধুনিকায়ন ত্বরান্বিত করছে চীনের কুয়াংতোং প্রদেশ। এর মাধ্যমে উচ্চতর দক্ষতা, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং স্বল্প-কার্বন উন্নয়ন নিশ্চিত করে প্রদেশটিকে একটি প্রধান উৎপাদনকেন্দ্র থেকে বৈশ্বিক বুদ্ধিমান কম্পিউটিং কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে।

কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী তোংকুয়ান সম্প্রতি ‘কম্পিউটিং পাওয়ার ইন্ডাস্ট্রি আইল্যান্ড’ নির্মাণে বৈশ্বিক বিনিয়োগ আহ্বান কর্মসূচি শুরু করেছে।

তোংকুয়ান পৌর সরকারের শীর্ষ পর্যায়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এ শিল্পদ্বীপের উন্নয়ন ও নির্মাণে ১০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তোংকুয়ানের নির্বাহী উপ-মেয়র চেং চিয়ানফেং।

সম্প্রতি তোংকুয়ানে আয়োজিত সার্ভার শিল্পের সরবরাহ চাহিদা সমন্বয় বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

চেং বলেন, প্রায় ৬ বর্গকিলোমিটার আয়তনের পরিকল্পিত এ শিল্পদ্বীপ ২০৩০ সালের মধ্যে তোংকুয়ানের ৫০০ বিলিয়ন ইউয়ান মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্ভার শিল্পগুচ্ছের মূল প্রবৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত হবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে কুয়াংতোংয়ে প্রায় ২৯ লাখ ৫০ হাজার সার্ভার উৎপাদিত হয়েছে, যা চীনের মোট উৎপাদনের ৪৯ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ জাতীয় বাজারের প্রায় অর্ধেকই এ প্রদেশের দখলে।

হুয়াওয়ে এবং ফক্সকন ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেটের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উপস্থিতিতে প্রদেশটিতে চিপ, যন্ত্রাংশ এবং সম্পূর্ণ কম্পিউটার উৎপাদনকে ঘিরে একটি পূর্ণাঙ্গ শিল্পশৃঙ্খল গড়ে উঠেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল অর্থনীতির যুগে সার্ভার শিল্পকে ‘কম্পিউটিং সক্ষমতার জননী’ হিসেবে বিবেচনা করা হয়। এই শিল্পই কুয়াংতোং-কে একটি বৃহৎ উৎপাদন প্রদেশ থেকে বৈশ্বিক বুদ্ধিমান কম্পিউটিং কেন্দ্রে রূপান্তরের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।

কুয়াংতোং ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মহাসচিব সু সিয়াওমিন বলেন, জেনারেটিভ এআইয়ের ব্যবহার দ্রুত বাড়তে থাকায় ২০২৬ সালে প্রথমবারের মতো কুয়াংতোং থেকে সরবরাহকৃত ইনফারেন্স সার্ভারের অংশ ৫০ শতাংশ অতিক্রম করবে। এতে প্রশিক্ষণ সার্ভারকে ছাড়িয়ে ইনফারেন্স সার্ভার বাজারের মূলধারার পণ্যে পরিণত হবে।

সূত্র: সিএমজি বাংলা