স্মার্ট নগর গড়তে চীনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে সৌদি আরব

আফরিন মিম

স্মার্ট, আধুনিক ও পরিবেশবান্ধব শহর গড়ার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে সৌদি আরব। দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর অন্যতম লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং শহরগুলোকে আরও টেকসই করে তোলা। এই লক্ষ্য পূরণে চীনের স্মার্ট সিটি ও নগর ব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে সৌদি আরব।

প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনায় চীন ইতোমধ্যে বিশ্বের অন্যতম সফল উদাহরণ তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশবান্ধব ব্যবস্থার মাধ্যমে দেশটির বড় বড় শহরে যানজট কমানো, জ্বালানি সাশ্রয় এবং অবকাঠামো ব্যবস্থাপনা আরও কার্যকর করা হয়েছে। সৌদি আরবও নিজেদের শহরগুলোতে এমন প্রযুক্তির ব্যবহার বাড়াতে আগ্রহী।

অর্থনৈতিক উপদেষ্টা ও আরব-আফ্রিকান সেন্টার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশনের প্রেসিডেন্ট ইদ আল-ইদ মনে করেন, সৌদি আরবের উন্নয়ন পরিকল্পনায় টেকসই পরিবেশ ও মানুষের জীবনমানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘ভিশন ২০৩০’-এর মাধ্যমে সৌদি আরব টেকসই উন্নয়ন ও মানুষের জীবনমানকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করেছে। দেশটির বিভিন্ন শহরও এখন এই লক্ষ্য অনুযায়ী নিজেদের পরিবর্তন করছে।

তার মতে, এই ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা অনেক পরিণত। সৌদি আরব ইতোমধ্যে চীনের কিছু প্রযুক্তি নিজেদের শহরে ব্যবহার করছে। রিয়াদসহ বিভিন্ন শহরে এখন জীবনমান, পরিবেশের স্থায়িত্ব এবং সবুজ নগরের মানদণ্ডকে গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হচ্ছে।

ঈদ আল-ঈদ বলেন, স্মার্ট সিটি, গ্রিন সিটি ও টেকসই নগর উন্নয়নে চীনের অভিজ্ঞতা সত্যিই অগ্রণী। চীন কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহরগুলোর পরিবেশগত স্থায়িত্ব বাড়িয়েছে। সবুজ নগর উদ্যোগের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি মানুষের জীবনমানও উন্নত হয়েছে।

সৌদি আরব ও চীনের মধ্যে সহযোগিতা এখন শুধু বাণিজ্য বা অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। ভবিষ্যতের শহর কেমন হবে সেই পরিকল্পনাতেও দুই দেশ একসঙ্গে কাজ করছে।

রিয়াদসহ সৌদি আরবের বড় শহরগুলোতে যদি এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে ভবিষ্যতে সেখানে আরও উন্নত নাগরিক সেবা, কম যানজট, কম দূষণ এবং আরও আরামদায়ক নগরজীবন নিশ্চিত করা সম্ভব হবে।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং চীনের স্মার্ট সিটি অভিজ্ঞতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। দুই দেশই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নত করতে চায়।

এই অভিন্ন লক্ষ্য সৌদি আরব ও চীনের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করছে। প্রযুক্তি, পরিবেশ ও নগর উন্নয়নে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতের জন্য একটি নতুন ধরনের সহযোগিতার মডেল তৈরি করছে।