জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (আনক্লস) এবং বায়োডাইভারসিটি বিয়োন্ড ন্যাশনাল জুরিসডিকশন (বিবিএনজে) চুক্তি— কোনোটিরই সদস্য রাষ্ট্র নয় যুক্তরাষ্ট্র।
তাই বিবিএনজে চুক্তির সচিবালয়ের স্থান নির্বাচনের বিষয়ে দেশটির মতামত দেওয়ার কোনো এখতিয়ার নেই। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন। ওই বিবৃতিতে বিবিএনজে চুক্তির সচিবালয় স্থাপনের জন্য চিলি ও বেলজিয়ামের যৌথ প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছিল।
কুও বলেন, ‘আমরা সব পক্ষকে এই প্রক্রিয়ায় দরকষাকষিকে রাজনৈতিক রূপ দেওয়া এবং বিরোধ সৃষ্টি করার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘বেলজিয়াম ও চিলির প্রস্তাবের বিষয়ে চীন তার অবস্থান স্পষ্ট করেছে। এই যৌথ প্রার্থিতায় অন্তত ছয়টি দিক থেকে সমস্যা রয়েছে। সেগুলো হলো বিবিএনজে চুক্তির বিধান, প্রক্রিয়াগত ন্যায়বিচার, প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতি, ন্যায্য ভৌগোলিক বণ্টন, অবাধ প্রতিযোগিতা এবং মূল অঙ্গীকারের পরিপন্থী হওয়া।‘
কুও বলেন, ‘বিবিএনজে চুক্তি অনুযায়ী, সচিবালয়ের অবস্থান, ক্লিয়ারিং হাউজ ম্যাকানিজম (সিএইচএম) স্থাপনসহ এর পরিচালনার সুনির্দিষ্ট পদ্ধতি এবং সহায়ক সংস্থাগুলোর বৈঠকের স্থান— সবকিছুই চুক্তির পক্ষগুলোর সম্মেলনে নির্ধারিত হবে। সিএইচএম পরিচালনার দায়িত্ব থাকবে সচিবালয়ের ওপর।
তিনি আরও বলেন, এই চুক্তিগুলো সব পক্ষের সম্মত সিদ্ধান্ত এবং অধিকার ও দায়িত্বের বিষয়। কোনো দেশেরই এসব লঙ্ঘন করার অধিকার বা এখতিয়ার নেই।
কুও বলেন, ‘সব পক্ষের সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নিয়ে কেউ গোপনে দরকষাকষি করতে পারে না। অন্য পক্ষগুলোকে প্রস্তাব মেনে নিতে বাধ্য করা বা তাদের ওপর কোনো প্রস্তাব চাপিয়ে দেওয়ার সুযোগও নেই।’
চুক্তিটির প্রথম দিকের স্বাক্ষরকারী এবং এর বাজেটে সর্বোচ্চ অর্থায়নকারী দেশ হিসেবে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান কুও। তিনি বলেন, ‘চুক্তিটির মূল উদ্দেশ্য সমুন্নত রাখা এবং সচিবালয়ের অবস্থান নির্বাচনের প্রক্রিয়াকে সঠিক পথে এগিয়ে নিতে চায় চীন। এর মাধ্যমে বিবিএনজে চুক্তি যেন সত্যিকার অর্থে সমগ্র মানবজাতির অভিন্ন স্বার্থে কাজ করতে পারে, তা নিশ্চিত করা সম্ভব হবে।
সিএমজি