শীতে ঘুরে বেড়ানোর সেরা ৪ গন্তব্য

আমানুর রহমান 

শীতকাল মানেই ভ্রমণপিপাসুদের মনে নতুন জায়গা ঘুরে দেখার এক দারুণ উন্মাদনা। কুয়াশায় মোড়া প্রকৃতি, মিষ্টি রোদ আর হিমেল বাতাসে ঘরের বাইরে পা রাখলেই মন ভরে ওঠে অনাবিল প্রশান্তিতে। শীতের এই মনোরম আবহে পরিবার-পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরে আসার মতো দেশের চারটি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যের পরিচয় তুলে ধরেছেন আমানুর রহমান।

শ্রীমঙ্গল

শীতের আমেজ উপভোগ করতে চাইলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল হতে পারে দারুণ এক গন্তব্য। শীতকালে এখানকার তাপমাত্রা তুলনামূলক কম থাকে। ভোরের কুয়াশায় ঢাকা সবুজ চা-বাগানের আঁকাবাঁকা পথ ধরে হাঁটা কিংবা সাইকেল চালানো এক অন্য রকম অভিজ্ঞতা। এ ছাড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘন বনের ভেতর দিয়ে হাঁটা এবং বাইক্কা বিলে শীতের অতিথি পাখির বিচরণ উপভোগ করা প্রকৃতিপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। স্থানীয় খাসিয়া ও মণিপুরি পল্লির জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বিখ্যাত সাত রঙের চায়ের স্বাদ নেওয়া শ্রীমঙ্গল ভ্রমণকে করে তোলে আরও স্মরণীয়।

বিশেষ আকর্ষণ— সাত রঙের চা, লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং বাইক্কা বিলে অতিথি পাখি দর্শন।

টাঙ্গুয়ার হাওর

বর্ষায় টাঙ্গুয়ার হাওর এক রূপে ধরা দিলেও শীতকালে এর সৌন্দর্য হয়ে ওঠে আরও শান্ত ও মায়াবী। এ সময় সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা সুনামগঞ্জের এই হাওরে ছুটে আসে। হাওরের স্বচ্ছ জলরাশি, দূরে মেঘালয়ের পাহাড়ের সারি আর কাছাকাছি তাহিরপুরের নীলাদ্রি লেকের মনোরম দৃশ্য শীতের কোমল রোদে তৈরি করে এক অপূর্ব প্রাকৃতিক আবহ। হাউসবোটে রাত্রিযাপন, শান্ত জলে নৌভ্রমণ এবং জাদুকাটা নদীর তীরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা ভ্রমণকারীদের জন্য হতে পারে অনন্য অভিজ্ঞতা। প্রকৃতির সান্নিধ্যে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চাইলে শীতের টাঙ্গুয়ার হাওর নিঃসন্দেহে দারুণ পছন্দ।

বিশেষ আকর্ষণ— হাউসবোটে রাত্রিযাপন, নীলাদ্রি লেক এবং পরিযায়ী পাখির বিচরণ।

সাজেক ভ্যালি

শীতের সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি যেন শুভ্র সাদা মেঘের বিশাল এক সমুদ্র। এ সময় আকাশ পরিষ্কার থাকলে কংলাক পাহাড়ের চূড়া থেকে ভারতের মিজোরামের লুসাই পাহাড়শ্রেণির মনোরম দৃশ্য দেখা যায়। ভোরের কনকনে ঠান্ডায় পাহাড়ের কোলে দাঁড়িয়ে মেঘের ভেলা ভেদ করে সোনালি সূর্যোদয় দেখা ভ্রমণকারীদের মুগ্ধ করে। বিকেলের সূর্যাস্তের রঙিন আভা আর রাতের আকাশে তারার মেলা সাজেকের সৌন্দর্যে যোগ করে ভিন্ন মাত্রা। পাশাপাশি স্থানীয় লুসাই জনগোষ্ঠীসহ পাহাড়ি অধিবাসীদের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং ঐতিহ্যবাহী বাঁশে রান্না করা মুরগির পদ বা ব্যাম্বু চিকেনের স্বাদ নেওয়া শীতের সাজেক ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য।

বিশেষ আকর্ষণ— মেঘের সমুদ্রে সূর্যোদয়, কংলাক পাহাড় এবং ব্যাম্বু চিকেন।

সেন্টমার্টিন দ্বীপ

শীতকাল বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে পরিচিত সেন্টমার্টিন ভ্রমণের অন্যতম জনপ্রিয় মৌসুম। এ সময় সাধারণত সমুদ্রের আবহাওয়া তুলনামূলক অনুকূল থাকে, আকাশ থাকে ঝলমলে নীল আর পানির রং ধারণ করে স্বচ্ছ ফিরোজা আভা। সারি সারি নারিকেলগাছের ছায়ায় বসে সমুদ্রের ঢেউ দেখা কিংবা বালুকাবেলা ধরে হাঁটলে যান্ত্রিক জীবনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। দ্বীপের সৈকতে সময় কাটানো, স্থানীয় সামুদ্রিক খাবারের স্বাদ নেওয়া এবং সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করা ভ্রমণকারীদের জন্য হতে পারে দারুণ অভিজ্ঞতা। রাতের নিরিবিলি পরিবেশে ঢেউয়ের শব্দও প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। তবে দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নির্দেশনা মেনে ভ্রমণ করা অত্যন্ত জরুরি।

বিশেষ আকর্ষণ— প্রবালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ জলরাশি এবং সুস্বাদু সামুদ্রিক খাবার।

লেখক : শিক্ষার্থী, স্নাতক, হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা।

ই-মেইল: amanurrahman.world@gmail.com

traveltravel BandipurTravel bangladeshtravel destinationtravel destinationsভ্রমণশ্রীমঙ্গলসাজেকসেন্ট মার্টিন