মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, থাকছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির কর্তৃপক্ষ নীতিগতভাবে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিমান ভাড়াসহ অভিবাসন সংক্রান্ত সব ধরনের ব্যয় ছাড়াই এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে।

শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়াটি স্বচ্ছ করার লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আগের সরকারের আমলে বিদ্যমান দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে এই বাজারটি বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

প্রাথমিক পর্যায়ে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানো হবে। এই কার্যক্রমের মাধ্যমে দেশটিতে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হলো, যা শ্রমবাজারের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সিকে নির্বাচন করেছে এবং অবশিষ্ট ৩১২টি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলও পুরো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কাজ করবে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়বাংলাদেশি কর্মীবোয়েসেলমালয়েশিয়াশ্রমবাজার