রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এর আগে গত ৩০ জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল, যেখানে লিটনসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়। মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।

আদালতে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যা ও গুরুতর জখমের ঘটনায় আসামিরা সরাসরি জড়িত ছিলেন। বিশেষ করে আন্দোলনকারী রায়হান আলী ও আনজুম সাকিবকে হত্যার পাশাপাশি আরও অনেককে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালখায়রুজ্জামান লিটনগ্রেপ্তারি পরোয়ানাজুলাই গণঅভ্যুত্থানরাজশাহী