এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্প্রদায় গঠনে সি চিন পিংয়ের প্রস্তাব

নভেম্বর ১৯: ‘বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রযুক্তিগত ও শিল্প উদ্ভাবনও বিকশিত হচ্ছে। নতুন সুযোগ ও চ্যালেঞ্জের মুখে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা অবশ্যই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, নতুন পদক্ষেপ নিতে হবে এবং একটি নতুন প্রেক্ষাপট তৈরি করতে হবে, যা পারস্পরিক সমর্থন, উন্মুক্ততা ও একীকরণ, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে সহায়ক হবে।’ আজ (বৃহস্পতিবার) সকালে চীনের শেনচেনে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক অধিবেশনে দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

ভাষণে তিনি উল্লেখ করেছেন, একটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে পারস্পরিক সমর্থন বজায় রাখা প্রয়োজন। বিশাল প্রশান্ত মহাসাগর অগণিত জাহাজ বহন করতে সক্ষম এবং সবকিছু পরিপুষ্ট করে। এটিই এ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক সম্প্রীতিপূর্ণ সহাবস্থানের চমৎকার পরিবেশ তৈরি করেছে।

তিনি আরও বলেন, এপেক পরিবারের সদস্যরা একই নৌকায় থাকে। প্রশান্ত মহাসাগরের ঝড় সহ্য করতে চাইলে এক হৃদয় ও মন নিয়ে একসঙ্গে কাজ করা প্রয়োজন। সেইসঙ্গে একে অপরকে সমর্থন করা, অভিন্ন স্বার্থের বন্ধন শক্তিশালী করা এবং সম্প্রদায়ের অনুভূতিও গড়ে তোলা উচিত।

সি চিন পিং বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও পুনরুজ্জীবনের একমাত্র পথ উন্মুক্ত সহযোগিতা। অবশ্যই উন্মুক্ত আঞ্চলিকতাবাদ সমুন্নত রাখতে হবে, অর্থনৈতিক একীকরণের প্রক্রিয়া অবিচলভাবে এগিয়ে নিতে হবে এবং এমন একটি সহযোগিতামূলক কাঠামো গড়ে তুলতে হবে যা উন্মুক্ত কিন্তু একচেটিয়া নয়, সমন্বিত কিন্তু খণ্ডিত নয়।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বৃহত্তর পরিসর উন্মুক্ত করতে অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের নীতি চালু করতে হবে বলেও জানান তিনি।

সি আরও বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে উদ্ভাবন সমুন্নত রাখা প্রয়োজন। একইসঙ্গে এপেকের ইনকিউবেটর ভূমিকাও জোরদার করা উচিত।

তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ও ধারণাগত উদ্ভাবন এবং কাঠামোগত সংস্কার উৎসাহিত করা হবে এবং এপেকের অর্থনীতির প্রাণশক্তি ও সম্ভাবনা ক্রমাগত উন্মোচন করা হবে।

সিএমজি