আফ্রিকায় ইবোলা মোকাবিলায় সহায়তা অব্যাহত রাখবে চীন

আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। এ লক্ষ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) দ্বিতীয় দফায় চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠিয়েছে দেশটি।

শুক্রবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন জানান, চলমান ইবোলা প্রাদুর্ভাবের শুরু থেকেই পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে চীন। এরই ধারাবাহিকতায় জরুরি ভিত্তিতে প্রথম দফায় পাঁচ সদস্যের একটি চিকিৎসা বিশেষজ্ঞ দল ডিআর কঙ্গোতে পাঠানো হয়, যারা স্থানীয় রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমে চিকিৎসা সেবা ও কারিগরি পরামর্শ দিয়ে আন্তর্জাতিক মহলের প্রশংসা অর্জন করেছে।

তিনি জানান, চীনা সরকারের পাঠানো দ্বিতীয় দফার চিকিৎসা বিশেষজ্ঞ দলটি ৩ জুলাই ভোরে বেইজিং থেকে ডিআর কঙ্গোর উদ্দেশে রওনা হয়।

কুও চিয়াখুন বলেন, নতুন বিশেষজ্ঞ দলে মহামারিবিদ্যা, ক্লিনিক্যাল চিকিৎসা এবং স্বাস্থ্য কোয়ারেন্টিন বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞরা রয়েছেন। প্রথম দলের কার্যক্রমের ধারাবাহিকতায় এবং ডিআর কঙ্গোর বাস্তব পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় রেখে তারা দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইবোলার সংক্রমণ এখনও ছড়িয়ে পড়ছে। তাই আফ্রিকার দেশগুলোর প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সহায়তা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে চীন, যাতে মহাদেশটি দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে পারে।

সূত্র: সিএমজি