শান্তি, বন্ধুত্ব, সহযোগিতা ও অংশীদারত্ব—এই চার বিষয় ইউরেশীয় দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক এগিয়ে নেওয়ার মূল ভিত্তি। সোমবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেত্রোভার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমনটা বলেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ওয়াং ই জানান, এবারের সফরে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বিনির্মাণবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) শীর্ষ সম্মেলনে অংশ নেন। পাশাপাশি আজারবাইজান, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো ও বুলগেরিয়া সফর করেন। এ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি চারটি ভাবনার কথা উল্লেখ করেন।
প্রথমত, বিশ্বাস শান্তির ভিত্তিপ্রস্তর। সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি চীনের বার্তা হলো—দৃঢ় আস্থা বজায় রাখা, ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে সংলাপ ও আলোচনায় অংশ নেওয়া এবং পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ের মাধ্যমে আস্থা পুনর্গঠন করা। চীন শান্তি প্রতিষ্ঠায় সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত। দেশটি ইতিহাসের সঠিক পক্ষে থেকে একটি বৃহৎ রাষ্ট্র হিসেবে নিজের দায়িত্ব পালন এবং যথাযথ ভূমিকা রাখবে।
দ্বিতীয়ত, বন্ধুত্ব একটি মূল্যবান সম্পদ। চীন ও সফর করা চার দেশের জনগণের মধ্যে সময় ও দূরত্বের বাধা পেরিয়ে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ যোগাযোগ প্রাচীন সিল্ক রোডের চেতনার ধারাবাহিকতা। একই সঙ্গে ইউরেশিয়ার বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়েরও এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি। এ মূল্যবান বন্ধুত্বকে বর্তমান সময়ের উপযোগী নতুন তাৎপর্য দিয়ে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।
তৃতীয়ত, সহযোগিতা উন্নয়নের শক্তিশালী চালিকাশক্তি। ওয়াং ই বলেন, চীন সফর করা চার দেশের সঙ্গে তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী। বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোর মতো প্রচলিত খাতে সহযোগিতা সুসংহত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সবুজ রূপান্তরের মতো নতুন উৎপাদনশীল শক্তির ক্ষেত্রেও সহযোগিতা জোরদার করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর উন্নয়ন ও পুনরুজ্জীবনে নতুন প্রেরণা ও গতি সঞ্চারিত হবে।
চতুর্থত, অংশীদারত্ব একটি অভিন্ন লক্ষ্য। চীন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বহুপাক্ষিকতা সমুন্নত রাখতে এবং মুক্ত বাণিজ্যের ধারণা বাস্তবায়নে একযোগে কাজ করতে চায়। একই সঙ্গে চীন ও ইইউর মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতাকে নতুন ও উচ্চতর পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন ওয়াং ই।
সূত্র: সিএমজি