শাংহাইয়ে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ফ্রান্সিস আওরাঁ ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়ির সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবারের বৈঠকে লি ছিয়াং বলেন, ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্যক্তিগতভাবে এ প্রতিযোগিতার বিষয়ে গুরুত্ব দিয়েছেন এবং এর আয়োজনকে এগিয়ে নিয়েছেন। বিশ্বমানের এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের ব্যাপারে চীন আত্মবিশ্বাসী বলেও জানান তিনি। লি ছিয়াং বলেন, বৈশ্বিক দক্ষতা উন্নয়নের এজেন্ডা এগিয়ে নিতে ও বিশ্ব অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধিতে অবদান রাখতে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত চীন।
তিনি আরও বলেন, চীন, দেশে দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করবে। একইসঙ্গে প্রতিভা বিকাশ ও প্রশিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা চীনের সঙ্গে বিনিময়ের জন্য ডব্লিউএসআই -এর প্রতি আহ্বান জানান তিনি। বৈশ্বিক দক্ষতা উন্নয়নের শাসনব্যবস্থায় চীনের আরও বড় ভূমিকা পালনে ডব্লিউএসআই -এর সহযোগিতাও প্রত্যাশা করেন লি।
বৈঠকে ফ্রান্সিস আওরাঁ ও ডেভিড হোয়ি চীনের দক্ষতা প্রশিক্ষণের দ্রুত বিকাশের প্রশংসা করেন। এ ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা অন্যান্য দেশের জন্যও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে বলে মন্তব্য করেন তারা। তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে চীন একটি নজিরবিহীন ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা উপস্থাপন করবে।
২২ তারিখ শুরু হওয়া ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা শেষ হচ্ছে ২৭ সেপ্টেম্বর।
সূত্র: সিএমজি বাংলা