চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন ও ইউরোপের সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত অংশীদারত্ব। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়কে রাজনৈতিকভাবে না দেখে এবং নিরাপত্তার ধারণাকে অযথা বিস্তৃত না করে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে ভারসাম্যপূর্ণ ও গতিশীল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বেইজিংয়ে ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ডেভিড ম্যাকঅ্যালিস্টারের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ওয়াং ই।
ওয়াং ই বলেন, ইউরোপীয় পার্লামেন্ট ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তিনি প্রতিনিধি দলের প্রতি চীনের সমাজ সম্পর্কে আরও গভীর ও বস্তুনিষ্ঠ ধারণা অর্জনের আহ্বান জানান এবং ইউরোপকে চীনের প্রতি যুক্তিসঙ্গত ও গঠনমূলক নীতি গ্রহণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, চীন ও ইউরোপ প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার। বহুপক্ষবাদ সমর্থন, জাতিসংঘের ভূমিকা জোরদার করা এবং মুক্ত বাণিজ্য রক্ষাসহ বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে উভয়পক্ষের অবস্থান কাছাকাছি।
এ সময় ইউরোপীয় প্রতিনিধি দল জানায়,্্ ইইউ চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং চীনের সঙ্গে অর্থনৈতিক বিচ্ছিন্নতার নীতির বিরোধিতা করে। তারা বলেন, ইউরোপ-চীন সম্পর্ক বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই আইনপ্রণেতাদের মধ্যে সংলাপ পুনরায় শুরু হওয়াকে তারা স্বাগত জানান এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে।
সূত্র: সিএমজি বাংলা