উত্তর প্রশান্ত মহাসাগরে ৪৫ দিনের উন্মুক্ত সমুদ্রের মৎস্য আইন প্রয়োগ টহল অভিযানে রওনা দিয়েছে চীনের কোস্টগার্ডের (সিসিজি) দুটি জাহাজ। সোমবার সকাল সাড়ে ৯টায় যাত্রার নির্দেশ পেতেই পূর্ব চীনের শানতোং প্রদেশের উপকূলীয় শহর ছিংতাও থেকে ছাংশান ও উহু নামের জাহাজ দুটি একে একে বন্দর ত্যাগ করে।
এ নিয়ে টানা ১১তম বছরের মতো উত্তর প্রশান্ত মহাসাগরে উন্মুক্ত সমুদ্রে মৎস্য আইন প্রয়োগ টহল পরিচালনা করছে চীনের কোস্টগার্ড। পাশাপাশি উন্মুক্ত সমুদ্রে মাছ ধরার জাহাজে উঠে পরিদর্শনের অধিকার পাওয়ার পর এটি তাদের সপ্তম টহল অভিযান।
যাত্রার সময় আইন প্রয়োগকারী কর্মকর্তারা সারিবদ্ধভাবে জাহাজের ডেকে দাঁড়িয়ে বিদায় জানাতে আসা পরিবারের সদস্যদের উদ্দেশে হাত নাড়েন।
এই অভিযানে বহরটি উন্মুক্ত সমুদ্রে মাছ ধরার জাহাজে উঠে পরিদর্শন চালাবে এবং অবৈধ, অঘোষিত ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মৎস্য আহরণ দমনে কাজ করবে। একই সঙ্গে উত্তর প্রশান্ত মহাসাগরের উন্মুক্ত সমুদ্রে পরিচালিত মাছ ধরার জাহাজগুলোর মধ্যে আইনবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ তদারকি জোরদার করা হবে।
চীনের কোস্টগার্ডের আইন প্রয়োগকারী কর্মকর্তা ইয়াং হাইলিয়াং বলেন, ‘আমরা উচ্চ রাজনৈতিক দায়িত্ববোধ ও দায়িত্বশীলতার সঙ্গে এই টহল অভিযান সফলভাবে সম্পন্ন করব। কঠোর আইন প্রয়োগের মাধ্যমে চীনের কোস্ট গার্ডের পেশাদারত্ব ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি উন্মুক্ত সমুদ্রে মৎস্য উৎপাদনের শৃঙ্খলা রক্ষা করা হবে। সেইসঙ্গে আমরা সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও সমুদ্রের টেকসই উন্নয়নে চীনের অবদান নিশ্চিত করব।‘
সূত্র: সিএমজি