কেনাকাটা করলেই তাৎক্ষণিক কর মওকুফ: প্রবেশ-পর্যটনে নতুন প্রাণশক্তি

ইয়াং ওয়েইমিং স্বর্ণা

নভেম্বর ১০: কর মওকুফের পরিমাণ মাত্র ১৮ ইউয়ান। তবু মরক্কোর এক পর্যটক বারবার প্রশংসা করছিলেন। কারণ, মাত্র দুই মিনিটেই তিনি ‘কেনাকাটা করলেই তাৎক্ষণিক কর মওকুফ’ সেবা গ্রহণ করতে পেরেছেন। এমনকি মওকুফের অর্থ সরাসরি তার উইচ্যাট ওয়ালেটে জমা হয়েছে। আনন্দের সঙ্গে ওই পর্যটক বললেন, ‘খুবই সুবিধাজনক। এখন এই টাকা দিয়ে ওপরের তলায় গিয়ে আরও জিনিসপত্র কিনতে পারব।’

সম্প্রতি শেনচেনের হুয়াছিয়াংবেই এলাকার একটি বিদায়ী কর মওকুফের কেন্দ্রীয় সেবা কেন্দ্রে প্রতিবেদক এমন দৃশ্য দেখেছেন। এটি শেনচেনের প্রথম দফার ‘তিন সেবা এক স্থানে’ কার্যক্রমের অন্তর্ভুক্ত একটি কেন্দ্র। এখানে অর্থ পরিশোধের সুবিধা, বিদায়ী কর মওকুফ এবং মুদ্রা বিনিময়—এই তিনটি প্রধান সেবা একীভূত করা হয়েছে। এর ফলে বিদেশি পর্যটকদের কেনাকাটার অভিজ্ঞতা অনেক উন্নত হয়েছে এবং চীনে আগত পর্যটকদের ভোগব্যয়ের সম্ভাবনাও ক্রমাগত উন্মুক্ত হচ্ছে।

চায়না ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের শেনচেন শাখার হুয়াছিয়াংবেই কেন্দ্রীয় সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাং শা জানান, এই কেন্দ্রে সাধারণত প্রতিদিন প্রায় ৫০টি কর মওকুফের আবেদন সম্পন্ন হয়। ব্যস্ত সময়ে এ সংখ্যা ৮০ থেকে ৯০টিতে পৌঁছায়। তিনি বলেন, এখন পর্যটকেরা মোবাইল ফোনে সংরক্ষিত কর মওকুফের বিশেষ সংকেত দেখিয়ে তা স্ক্যান করালেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। মাত্র এক মিনিটেই সব কাজ শেষ হয়। এ ক্ষেত্রে কাগজের কর মওকুফের আবেদনপত্র বা চালান দেখানোর প্রয়োজন পড়ে না।

হুয়াছিয়াংবেইয়ের একটি ডিজে ড্রোনের দোকানে গিয়ে প্রতিবেদক দেখেন, সেখানে বিদেশি পর্যটকদের ভিড় লেগেই আছে। দোকানের এক বিক্রয়কর্মী জানালেন, বিদেশি ক্রেতারা সাধারণত চার থেকে পাঁচ হাজার ইউয়ান দামের পণ্য কিনতে পছন্দ করেন। দোকানটি বিদায়ী কর মওকুফের আওতাভুক্ত হওয়ায় বিদেশি ক্রেতারা এখান থেকে কেনাকাটা করে ৯ শতাংশ কর মওকুফের সুবিধা নিতে পারেন।

শেনচেন পৌর কর ব্যুরোর দ্বিতীয় কর বিভাগের উপপরিচালক হুয়াং থাও জানান, এখন পুরো শহরে কর মওকুফের আওতাভুক্ত দোকানের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় সেবা কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫টিতে। এর মাধ্যমে শহরের প্রধান প্রধান বাণিজ্যিক এলাকাগুলোতে এ সেবার পূর্ণাঙ্গ বিস্তার ঘটেছে।

তিনি আরও জানালেন, টানা দুই বছর ধরে প্রবৃদ্ধির উচ্চগতি অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে শেনচেনে বিদায়ী কর মওকুফের আওতাভুক্ত পণ্যের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১৫৩ কোটি ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৫ দশমিক ১ শতাংশ বেশি।

চীনে বিদায়ী কর মওকুফের সফটওয়্যার ও হার্ডওয়্যার সেবা এবং সংশ্লিষ্ট সহায়তা ব্যবস্থার ক্রমাগত উন্নতির ফলে এ ব্যবস্থার ‘কেনাকাটা করলেই তাৎক্ষণিক কর মওকুফ’ সুবিধা এখন শপিং মলের গণ্ডি পেরিয়ে সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রেও ছড়িয়ে পড়েছে।

‘এটি সত্যিই সুবিধাজনক। চীনের দক্ষতা বিশ্বসেরা।’ ১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলায় বা ক্যান্টন ফেয়ারে বিদায়ী কর মওকুফের সেবা গ্রহণ করার পর এমন প্রশংসা করেন ব্রাজিলের এক ক্রেতা। তার মতে, এটি তার অভিজ্ঞতায় সবচেয়ে দ্রুত ও সুবিধাজনক কর মওকুফের সেবা।

বিদায়ী কর মওকুফসংক্রান্ত বিশেষ অঞ্চলের একজন করবিষয়ক স্বেচ্ছাসেবক প্রতিবেদককে জানান, এবারের ক্যান্টন ফেয়ারে নতুনভাবে চালু করা স্বয়ংক্রিয় কর মওকুফ যন্ত্রে চীনা, ইংরেজি, জাপানি, কোরীয় ও ফরাসিসহ ১৫টি ভাষায় সেবা নেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে একাধিক আবেদনপত্র নির্বাচন করা যায়। এ ছাড়া পাঁচ ধরনের প্রধান ক্রেডিট কার্ডের মাধ্যমে কর মওকুফের অর্থ গ্রহণের সুবিধাও রয়েছে। তাৎক্ষণিকভাবেই সেই অর্থ জমা হয়। কর চালানের তথ্য স্বয়ংক্রিয়ভাবে কর ও শুল্ক বিভাগের অনলাইন ব্যবস্থার সঙ্গে সমন্বিত হয়। ফলে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় কাগজপত্র ছাড়াই।

কুয়াংচৌয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও পর্যটনকেন্দ্র, বড় সুপারমার্কেট এবং বিদেশি অতিথিদের সেবা দেওয়া হোটেলসহ বিভিন্ন স্থানে ধীরে ধীরে এসব স্বয়ংক্রিয় কর মওকুফ যন্ত্র স্থাপন করা হচ্ছে।

১৩৮তম ক্যান্টন ফেয়ারে প্রথমবারের মতো প্রদর্শনী কেন্দ্রের ভেতরে বিদায়ী কর মওকুফের জন্য বিশেষ সেবা অঞ্চল স্থাপন করে কুয়াংচৌ পৌর কর ও বাণিজ্য বিভাগ। ১৩৯তম ক্যান্টন ফেয়ারে প্রথমবারের মতো চালু করা হয় ‘টিকিট ও আবেদনপত্র একসঙ্গে ইস্যু’ করার বুদ্ধিমান চালান সেবা। আর ১৪০তম ক্যান্টন ফেয়ারে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কর মওকুফের অভিজ্ঞতা হয়েছে আরও উন্নত।

ডিজিটাল কর মওকুফ ব্যবস্থার সুবিধা পর্যটকদের কেনাকাটার আগ্রহ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কুয়াংচৌয়ে বিদায়ী কর মওকুফের আবেদনপত্রের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২২ শতাংশ বেড়েছে। এ সময়ে কর মওকুফের আওতাভুক্ত পণ্যের বিক্রয়মূল্য বেড়েছে ১২৪ শতাংশ।

১৪০তম ক্যান্টন ফেয়ার চলাকালে, অর্থাৎ ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত, কুয়াংচৌয়ে বিদায়ী কর মওকুফের চালান ইস্যুর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১৬ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। চালানের বিপরীতে বিক্রয়মূল্য বেড়েছে ৭৫ দশমিক ২২ শতাংশ। চালান ইস্যুর সংখ্যা ও বিক্রয়মূল্য—উভয় ক্ষেত্রেই অতীতের সব ক্যান্টন ফেয়ারের একই সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে।

হুয়াছিয়াংবেই থেকে ক্যান্টন ফেয়ার—স্ক্যান করেই তাৎক্ষণিক সেবা গ্রহণ থেকে শুরু করে ১৫টি ভাষায় স্বয়ংক্রিয়ভাবে কর মওকুফের আবেদন সম্পন্ন করার সুযোগ থাকছে। এ ব্যবস্থা এখন আর নিছক আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, বা এটি কেবল কেনাকাটার সুবিধাই বাড়াচ্ছে না, বরং চীনের দক্ষতার একটি বাস্তব প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই সুযোগ। চীনের বহির্বিশ্বের জন্য উন্মুক্ততা সম্প্রসারণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের স্বাগত জানানোর একটি জীবন্ত উদাহরণ হিসেবেও সামনে এসেছে।