গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত চীনের মহাকাশচারীরা

চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে সাফল্যের সঙ্গে ৫০ দিন অতিবাহিত করেছেন ‘শেনচৌ-২৩’ মিশনের তিন নভোচারী। এই দীর্ঘ সময়ে তারা মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণের পাশাপাশি পরিচালনা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা।

চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে নভোচারীরা মূলত মহাকাশের অতি-মাধ্যাকর্ষণহীন পরিবেশে মানুষের স্বাস্থ্য ও কর্মক্ষমতার ওপর প্রভাব নিয়ে গবেষণা করেছেন। এর মধ্যে রয়েছে বায়োমেকানিক্স এবং মস্তিষ্কের কার্যকারিতা সংক্রান্ত বিশেষ পরীক্ষা। এই গবেষণার মাধ্যমে পাওয়া তথ্য ব্যবহার করে বিজ্ঞানীরা বুঝতে পারবেন যে, দীর্ঘ সময় মহাকাশে থাকলে মানুষের পেশি ও স্নায়বিক কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসে।

গবেষণার পাশাপাশি মহাকাশ স্টেশনের কারিগরি সক্ষমতা বাড়াতেও কাজ করছেন নভোচারীরা। তারা দহন ও ফ্লুইড ফিজিক্স সংক্রান্ত পরীক্ষার যন্ত্রপাতির মানোন্নয়ন করেছেন এবং নতুন কিছু গবেষণা মডিউল ইনস্টল করেছেন। এছাড়া স্টেশনে প্রথমবারের মতো নিয়ে যাওয়া উন্নত ‘বডি মাস মেজারমেন্ট ডিভাইস’-এর পরীক্ষাও সম্পন্ন করেছেন তারা। এত ব্যস্ততার মাঝেও মাইক্রোগ্রাভিটির ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে সুরক্ষিত রাখতে নিয়মিত ব্যায়াম চালিয়ে যাচ্ছেন তারা।

সূত্র: সিএমজি