চীনের আবিষ্কার জাদুর আয়না

মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: আজকের গল্প এমন এক আবিষ্কারের, যা শুনতে বেশ রহস্যময় মনে হলেও পেছনে রয়েছে বিজ্ঞানের সূক্ষ্ম বাহাদুরি। এমন এক ধাতব আয়না, যেটি একপাশ দিয়ে সাধারণ আয়নার মতো চকচকে প্রতিচ্ছবি দেখালেও উল্টো পাশ দিয়ে ফুটিয়ে তোলে লুকিয়ে থাকা নকশা। এই অসাধারণ আবিষ্কারের নাম—চীনের ‘জাদুর আয়না’।

চোখের সামনে একটি সাধারণ ব্রোঞ্জের আয়না। সামনে থেকে দেখলে কিছুই অস্বাভাবিক নয়। কিন্তু হঠাৎ আলো পড়তেই ঘটে এক আশ্চর্য ঘটনা—দেয়ালে ভেসে ওঠে আয়নার পেছনের অদৃশ্য নকশা! এটাই ইতিহাসের অন্যতম রহস্যময় প্রযুক্তি—চীনের জাদুর আয়না, যাকে বলা হয় ‘থৌ কুয়াং চিং’ অর্থাৎ ‘আলো ভেদ করা আয়না’।

এটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং প্রাচীন চীনের ধাতুবিদ্যা, পদার্থবিজ্ঞান এবং আলোকবিদ্যার এক বিস্ময়কর সংমিশ্রণ। এই জাদুর আয়নার ইতিহাস অন্তত খ্রিস্টীয় ৫ম শতাব্দী পর্যন্ত পাওয়া যায়, যদিও কিছু গবেষক মনে করেন এর উৎপত্তি আরও আগের হান রাজবংশের সময়কালে।

পরে এই আয়না আরও বড় আকারে ছড়িয়ে পড়ে থাং রাজবংশের যুগে। থাং যুগে লেখা একটি বইতে প্রথমবার বিস্তারিতভাবে এই আয়নার প্রযুক্তির উল্লেখ পাওয়া যায়। তখন এর নাম ছিল আলো ভেদকারী আয়না।

অনেকের মতে, এই জাদুর আয়নার শিকড় আরও গভীরে—চীনের হান রাজবংশের সময়, অর্থাৎ দুই হাজার বছরেরও বেশি পুরনো এই আয়না।

আয়নার ভেতর কোনো আলো ভেদ করে যাওয়ার ঘটনা ঘটে না। বরং এটি ছিল প্রাচীন চীনা প্রকৌশলীদের সূক্ষ্ম কারিগরি দক্ষতা ও ধাতুর অভ্যন্তরীণ কাঠামোর খেলা। এই আয়না তৈরি করাটা ছিল এক জটিল ও বহুস্তরীয় প্রক্রিয়া। প্রথমে ব্রোঞ্জ গলিয়ে ছাঁচে ঢেলে আয়নার মূল কাঠামো তৈরি করা হতো। তারপর পেছনের দিকে খোদাই করা হতো নকশা। সামনের দিকটি ধীরে ধীরে ঘষে এমনভাবে পালিশ করা হতো যাতে এটি আয়নার মতো প্রতিফলক হয়ে ওঠে।

আসল রহস্য শুরু হতো এরপর। উৎপাদন প্রক্রিয়ার সময় ধাতুর ভেতরে সূক্ষ্ম অভ্যন্তরীণ চাপ প্রয়োগ করা হতো। কিছু অংশ ইচ্ছাকৃতভাবে সামান্য বেশি মোটা, কিছু অংশ পাতলা রাখা হতো। এরপর ঘষা হতো। ধীরে ধীরে ঠান্ডা করার প্রক্রিয়ায় এই চাপ আরও সূক্ষ্মভাবে পরিবর্তিত হতো। অনেক ক্ষেত্রে পারদ মিশ্রিত ধাতব প্রলেপ ব্যবহার করা হতো, যা পৃষ্ঠে আরও সূক্ষ্ম টেনশন তৈরি করত। বাইরে থেকে আয়নার পৃষ্ঠকে একদম সমতল মনে হলেও, ভেতরে তৈরি হতো অণু-স্তরের অদৃশ্য ওঠানামা।

এই সূক্ষ্ম পার্থক্যই জাদুর আয়নার মূল চাবিকাঠি। যখন তীব্র আলো আয়নায় পড়ে এবং প্রতিফলিত হয়ে দেয়ালে যায়, তখন এই অদৃশ্য বক্রতা আলোকে সামান্য পরিবর্তিত করে ফেলে। কিছু অংশ আলো ছড়িয়ে দেয়, কিছু অংশ কেন্দ্রীভূত করে। ফলে দেয়ালে একটি স্পষ্ট চিত্র তৈরি হয়, যা দেখে মনে হয় যেন পেছনের নকশা আলো হয়ে বেরিয়ে এসেছে।

ফলাফল ছিল অবিশ্বাস্য—সামনের পৃষ্ঠ চোখের সামনে সমান মনে হলেও, এর মধ্যে অদৃশ্য অণু-স্তরের উঁচু-নিচু ঢেউয়ের কারণে তৈরি হতো নকশা।

সাধারণ ব্যাখ্যা হলো—আয়নার সামনে অংশে খুব সূক্ষ্ম কনভেক্স বা বহির্মুখী এবং কনকেইভ বা অন্তর্মুখী বক্রতা তৈরি হয় । বহির্মুখী অংশ আলো ছড়িয়ে দেয়, প্রতিচ্ছবি গাঢ় দেখায় আরঅন্তর্মুখী অংশ আলো কেন্দ্রীভূত করে উজ্জ্বল দেখায়

এই ধারণা কেবল চীন থেকে চলে যায় জাপান ও কোরিয়ায়। সেখানকার সংস্কৃতিতেও গভীরভাবে প্রভাব ফেলেছিল ম্যাজিক মিরর বা থৌ কুয়াং চিং। ১০৩১ থেকে ১০৯৫ সালের দিকে চীনের বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক শেন খুও এই আয়না নিয়ে বিস্মিত হন। তার একটি বইতে তিনি লিখেন, আয়নার পৃষ্ঠে এমন সূক্ষ্ম পরিবর্তন থাকে যা চোখে দেখা যায় না।

তিনি ধারণা করেছিলেন, হয়তো ধাতুর বক্রতা বা কুঁচকে আসার প্রক্রিয়ায় এ ধরনের পরিবর্তন তৈরি হয়। যদিও তার ব্যাখ্যা সম্পূর্ণ সঠিক ছিল না, তবুও তিনি প্রথম দিকের বিজ্ঞানীদের একজন, যিনি যুক্তির মাধ্যমে এই রহস্য বোঝার চেষ্টা করেছিলেন।

তৃতীয় শতাব্দীতে চীনের ওয়েই রাজবংশের সম্রাট ছাও রুই জাপানের রাণী হিমিকোকে বহু ব্রোঞ্জ আয়না উপহার দেন। জাপানে এগুলো পরিচিত হয় শিনজু কিও নামে। জাপানিরা এই আয়নাকে শুধু বস্তু হিসেবে দেখেনি, বরং সত্য ও নৈতিকতার প্রতীক হিসেবে বিবেচনা করত। তাদের বিশ্বাস ছিল, এই আয়না মানুষের ভেতরের ভালো-মন্দ দুটো দিকই নির্ভুলভাবে প্রতিফলিত করে।

এই বিশ্বাস ও চীনাদের দেখাদেখি পরে গড়ে ওঠে জাপানের বিখ্যাত পবিত্র আয়না ‘ইয়াতা নো কাগামি’। যা আজও জাপানের তিনটি রাজকীয় ধনভাণ্ডারের একটি হিসেবে বিবেচিত।

শতাব্দী পেরিয়ে এই আয়নার রহস্য ইউরোপেও পৌঁছে যায়। ১৯ শতকে ফ্রান্সে চীন থেকে আনা একটি জাদুর আয়না ফরাসি বিজ্ঞান একাডেমিতে প্রদর্শিত হয়। এরপর ১৮৭৮ সালে ব্রিটেনের রয়্যাল সোসাইটি অব লন্ডনে আনা কয়েকটি মডেল প্রদর্শিত হয়, যেগুলোকে ইউরোপীয়রা ওপেন মিরর বা খোলা আয়না নামে অভিহিত করে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সিনসিনাত্তি শিল্প জাদুঘরে একটি জাদুর আয়না শনাক্ত করা হয়, যেখানে বৌদ্ধ দেবতা অমিতাভের চিত্র প্রতিফলিত হতো। মূলত উনিশ শতকের দিকে পশ্চিমা বিজ্ঞানীরা এই প্রযুক্তির পেছনের কারণ আরও ভালোভাবে বোঝার প্রক্রিয়া শুরু করেন।

দীর্ঘ গবেষণার পর আধুনিক বিজ্ঞান এই রহস্যের আরও ব্যাখ্যা দিতে সক্ষম হয়। দেখা যায়, আয়নার পেছনে কোনো গোপন ছবি বা স্বচ্ছতা নেই। পুরো ঘটনাটি সূক্ষ্ম পৃষ্ঠবৈচিত্র্য, ধাতুর অভ্যন্তরীণ চাপ এবং আলোর প্রতিফলনের জটিল সম্পর্কের ফল। ১৯৩২ সালে বিজ্ঞানী উইলিয়াম ব্র্যাগ নিশ্চিতভাবে দেখান যে, এটি কোনো স্বচ্ছতা নয়, বরং আলোর ক্ষুদ্র পরিবর্তনের কারণে তৈরি অপটিক্যাল প্রজেকশন তথা আলোছায়ার খেলা।

আয়নার পৃষ্ঠে পাতলা ধাতব আবরণ বা আধুনিক কোটিং দিলেও এই প্রভাব নষ্ট হয় না। কারণ মূল বিষয়টি কোনো ছবি নয়, বরং মাইক্রো-লেভেল টপোগ্রাফি—অর্থাৎ অতি সূক্ষ্ম উঁচু-নিচু পৃষ্ঠ।

আজকের দিনে এই জাদুর আয়না মূলত জাদুঘরের সংগ্রহ, ইতিহাসের নিদর্শন এবং বিজ্ঞান শিক্ষার একটি আকর্ষণীয় উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়।

সব মিলিয়ে জাদুর আয়না আমাদের একটি গভীর সত্য শেখায়—সব রহস্যই অলৌকিক নয়। কখনও কখনও সবচেয়ে জটিল রহস্যের উত্তর লুকিয়ে থাকে অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞান, দক্ষ কারিগরি এবং মানুষের কৌতূহলের মধ্যে। চীনের এই প্রাচীন আবিষ্কার তাই শুধু একটি প্রযুক্তি নয়, বরং সেই সময়ের সাক্ষী, যখন শিল্প, বিশ্বাস এবং বিজ্ঞান একসাথে মিশে এক অপার্থিব বাস্তবতা তৈরি করেছিল।

chinamade in china