চীনের মৎস্য খাতে সম্ভাবনা দেখতে চৌশান সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা

চীনের আধুনিক মৎস্য চাষ পদ্ধতি ও সমৃদ্ধ মৎস্যশিল্প সম্পর্কে জানতে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের চৌশান সফর করেছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় ও লাতিন আমেরিকার আটটি দেশের ১১ জন কূটনীতিক ও বিশেষজ্ঞ। বুধ ও বৃহস্পতিবারের এ সফরে চীনের সঙ্গে মৎস্য খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিরা চৌশানের একটি সমুদ্রভিত্তিক জলজ চাষকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তারা সরাসরি ‘লার্জ ইয়েলো ক্রোকা’ প্রজাতির সামুদ্রিক মাছ চাষের পদ্ধতি সম্পর্কে ধারণা এবং সদ্য আহরণ করা মাছের স্বাদ গ্রহণ করেন।

লার্জ ইয়েলো ক্রোকার চাষ চৌশানের স্থানীয় মৎস্যশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ২০০ হেক্টর জলসীমাজুড়ে বিস্তৃত এই খামারে গেল মে মাসে ৫০ লাখেরও বেশি পোনা ছাড়া হয়। অক্টোবর থেকে এসব মাছ আহরণ শুরু হয়েছে। চলতি বছর খামারটি থেকে ২ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, চৌশান তাদের ঐতিহ্যবাহী মৎস্য গ্রামগুলোকে বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এসব গ্রামের মৎস্যজীবী পরিবারগুলো নিজেদের ঘরবাড়ি ও স্থানীয় সংস্কৃতিকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত করছে। এর একটি উদাহরণ চাংচৌ গ্রাম। বর্তমানে সেখানে প্রায় ৭০টি স্থানীয় বাড়িতে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে, যা বাসিন্দাদের আয়ের নতুন উৎস তৈরি হয়েছে।

চৌশানের মৎস্যশিল্প এখন আর শুধু মাছ আহরণের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক মৎস্য চাষ, পর্যটন এবং স্থানীয় সংস্কৃতির সমন্বয়ে সেখানে গড়ে উঠছে বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের পথও তৈরি হচ্ছে।

চীনের বৃহত্তর মৎস্যশিল্প আধুনিকায়ন উদ্যোগেরও প্রতিফলন এই অগ্রগতি। গত বছর বিশ্বে উৎপাদিত মোট জলজ প্রাণিসম্পদের অর্ধেকেরও বেশি এসেছে চীন থেকে। দেশটির মৎস্য খাতের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এখন উৎপাদনের পরিমাণের পাশাপাশি গুণগত মান ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎপাদন সক্ষমতাকে আরও টেকসই করা এবং উন্নত মানের প্রবৃদ্ধি নিশ্চিত করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য।

সিএমজি