চীনে যৌথ উদ্যোগের মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত বাড়াল হোন্ডা ও জিএসি

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটর এবং চীনের অটোমোবাইল গ্রুপ (জিএসি গ্রুপ) তাদের যৌথ উদ্যোগের (জয়েন্ট ভেঞ্চার) মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এ বিষয়ে দুই প্রতিষ্ঠান একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, জিএসি হোন্ডা-র মালিকানার কাঠামো অপরিবর্তিত থাকবে। তবে যৌথ প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব জ্বালানি যানবাহন উৎপাদনে দ্রুত অগ্রসর হবে এবং বাজারে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করবে।

বিশ্বের বৃহত্তম অটোমোবাইল বাজার চীনে বর্তমানে দেশীয় নির্মাতারা বৈদ্যুতিক গাড়ি ও স্মার্ট প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অর্জন করায় বিদেশি গাড়ি নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। এই প্রেক্ষাপটেই যৌথ উদ্যোগের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হোন্ডা ও জিএসি গ্রুপ জানিয়েছে, তারা উভয় প্রতিষ্ঠানের প্রযুক্তি ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে চীনের ভোক্তাদের বহুমুখী চাহিদা অনুযায়ী নতুন পণ্য বাজারে আনবে।

জিএসি হোন্ডা প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের জুলাই মাসে। এটি ছিল চীনে হোন্ডার প্রথম গাড়ি উৎপাদন ও বিক্রয়ভিত্তিক যৌথ উদ্যোগ।

প্রতিষ্ঠানটি চীনে প্রথম দিকেই দেশীয় ও আন্তর্জাতিক বাজারে একই সময়ে নতুন মডেলের গাড়ি উন্মোচনের উদ্যোগ নেয়।

সূত্র: সিএমজি বাংলা