মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ারের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী এবং চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক শীর্ষ প্রতিনিধি হ্য লিফেং।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে বেইজিংয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়ন, স্থিতিশীল অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বজায় রাখা, ব্যবহারিক সহযোগিতা বৃদ্ধি এবং আগামী দিনে একে অপরের উদ্বেগগুলো সঠিকভাবে সমাধানের বিষয়ে উভয় পক্ষ খোলামেলা, গভীর ও গঠনমূলক আলোচনা করে।
আলোচনাকালে চীনের পক্ষ থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের চাপানো বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
তবে, উভয় পক্ষই এ বিষয়ে সম্মত হয়েছে যে দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায় তারা চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শ ব্যবস্থার ভূমিকা আরও জোরালো করবে। এর মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, আস্থা অর্জন, সন্দেহ দূরীকরণ এবং সহযোগিতা প্রসারের মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ককে ইতিবাচক ও স্থিতিশীল ধারায় এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, যা সার্বিকভাবে একটি কৌশলগত ও স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক গঠনে ভূমিকা রাখবে।
সূত্র: সিএমজি বাংলা