টেম্পল অব আর্থে শুরু হয়েছে ২০২৬ বেইজিং বইমেলা

চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক তিথান পার্কে ১১ দিনব্যাপী বেইজিং বইমেলা ২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার শুরু হওয়া এবারের বইমেলার প্রতিপাদ্য ‘টেম্পল অব আর্থ অ্যান্ড মি’। আসরটি চলবে আসন্ন মধ্য-শরৎ উৎসবের ছুটিজুড়ে।

তিথান পার্কে এবারের বইমেলার প্রদর্শনী এলাকা ২০ হাজার বর্গমিটারেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত। পাশাপাশি রয়েছে ৯টি বিশেষ থিম-ভিত্তিক জোন।

বইমেলায় দর্শনার্থীরা দুর্লভ ও পুরোনো বই দেখার পাশাপাশি পছন্দের বই সংগ্রহ করতে পারছেন। একইসঙ্গে চীনের বিভিন্ন অঞ্চলের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ রয়েছে। পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী কারুশিল্পও কাছ থেকে দেখছেন দর্শনার্থীরা।

বইমেলায় আসা এক দর্শনার্থী হান বলেন, ‘প্রথম দিনেই সকালে এসেছি। পুরোনো বইয়ের স্টলে অনেকটা সময় কাটিয়েছি।‘

বইমেলার কর্মী ইউ লিপিং জানান, পুরোনো বইয়ের স্টলে অনেক প্রাচীন ও দুষ্প্রাপ্য বই প্রদর্শন করা হয়েছে। প্রতিবছরই এই স্টল দর্শনার্থীদের আকর্ষণ করে। এ ছাড়া বইমেলাকে কেন্দ্র করে কিছু বিলুপ্তপ্রায় ও মুদ্রণ-বহির্ভূত বই নতুন করে প্রকাশ করা হয়েছে।

সূত্র: সিএমজি