পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের নিংপো শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ফিল্ম কালচার কার্নিভাল শুরু হয়েছে। “২০২৬ চলচ্চিত্র অর্থনীতি উন্নয়ন বর্ষ” থিমকে কেন্দ্র করে আয়োজিত ফিল্ম কালচার কার্নিভালে চলচ্চিত্র সংস্কৃতি, সাংস্কৃতিক পর্যটন ও অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে চলচ্চিত্রের সমন্বয় এবং নিমগ্ন চলচ্চিত্র উপভোগের অভিজ্ঞতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের লক্ষ্য হলো চলচ্চিত্র অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করা এবং “ফিল্ম প্লাস” শিল্পে আন্তঃখাত উদ্ভাবনকে উৎসাহিত করা।
কার্নিভালে পাঁচটি প্রধান বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে মডেল সিনেমা প্রকল্প এবং নতুন প্রজন্মের সিনেমা দৃশ্যকল্প প্রকাশ বিশেষভাবে উল্লেখযোগ্য। সিনেমা হলগুলোকে সাংস্কৃতিক কমপ্লেক্সে রূপান্তরের উদাহরণ এবং প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উপভোগের নতুন অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রদর্শনী ও উপস্থাপনার মাধ্যমে।
এছাড়া “রিল ভিউজ, রিয়েল জার্নিজ” শীর্ষক প্রচারাভিযান চলচ্চিত্র ও সাংস্কৃতিক পর্যটনের সমন্বিত উন্নয়নের লক্ষ্যে একটি আন্তর্জাতিক বিনিময় প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
কার্নিভালের অংশ হিসেবে ‘উইকেন্ড মুভি নাইট’ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে সিএমজি’র প্রথম নিবিড় চলচ্চিত্র সংস্কৃতি অন্বেষণ কার্যক্রমের সূচনা হয়। একই সঙ্গে আয়োজন করা হয়েছে একটি সৃজনশীল বাজার, যেখানে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার হাতে-কলমে অভিজ্ঞতা এবং চলচ্চিত্রপ্রাণিত অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত হচ্ছে।
বহুমাত্রিক এ আয়োজন আগামী ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।
সূত্র: সিএমজি