নভেম্বর ৭: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে বেইজিংয়ে সিপিসির ২১তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। সম্প্রতি সিপিসির কেন্দ্রীয় কমিটি ‘২১তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচনসংক্রান্ত বিজ্ঞপ্তি’ জারি করেছে। এতে প্রতিনিধি নির্বাচনের কাজের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি বৈঠক করে এবং নির্বাচনের কাজ কীভাবে পরিচালিত হবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে।
সিপিসি’র ২১তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে চীনের সমাজতান্ত্রিক আধুনিকায়ন মৌলিকভাবে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে এবং দ্বিতীয় শতবর্ষের লক্ষ্যমাত্রার দিকে নতুন যাত্রায়। এটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সম্মেলন এবং চীনের দল ও রাষ্ট্রের রাজনৈতিক জীবনের একটি বড় ঘটনা। তাই ২১তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্মেলন সফলভাবে আয়োজনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২১তম জাতীয় কংগ্রেসে মোট ২ হাজার ৩৬০জন প্রতিনিধি থাকবেন। দেশের ৩৮টি নির্বাচনী ইউনিটের মাধ্যমে তাঁদের নির্বাচন করা হবে।
প্রতিনিধি নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের বিষয়ে সি চিন পিংয়ের চিন্তাধারা পূর্ণাঙ্গভাবে অনুসরণ ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি, সি চিন পিংয়ের দল গঠনবিষয়ক চিন্তাধারা গভীরভাবে অধ্যয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং দলের গঠনতন্ত্রকে মৌলিক নির্দেশনা হিসেবে গ্রহণ করতে হবে।
এ ক্ষেত্রে দলের সার্বিক নেতৃত্ব, বিশেষ করে কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধ নেতৃত্ব বজায় রাখা ও জোরদার করতে হবে। রাজনৈতিক মানদণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, নির্বাচনের যোগ্যতা ও শর্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে, নির্বাচন প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে এবং নির্বাচনী শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে।
এর মাধ্যমে এমন প্রতিনিধি নির্বাচন নিশ্চিত করতে হবে, যাঁরা যোগ্যতা ও গুণগত মানে উৎকৃষ্ট, প্রতিনিধিত্বের কাঠামোতে ভারসাম্যপূর্ণ, ভৌগোলিকভাবে বিস্তৃত এবং দলের সদস্যদের সমর্থনপ্রাপ্ত।
সূত্র: সিএমজি