প্রথমার্ধে চীনে গ্রামীণ ভোগ্য পণ্যের খুচরা বিক্রি ৩.৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, প্রবৃদ্ধি ২.৫%

 

আজ (শুক্রবার) বিকেলে চীনের রাষ্ট্রীয় পরিষদ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ২০২৬ সালের প্রথমার্ধের কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক চালচিত্র বিস্তারিতভাবে তুলে ধরেছে।

সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দেশের গ্রামীণ অঞ্চলে বিনিয়োগ ও ভোগ বৃদ্ধি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এবং অভ্যন্তরীণ চাহিদার সুপ্ত সম্ভাবনা ক্রমান্বয়ে উন্মোচিত হচ্ছে।

প্রাথমিক খাতে স্থির মূলধন বিনিয়োগ পৌঁছেছে ৪৬০ বিলিয়ন ইউয়ানে; যা আগের বছরের তুলনায় ০.৯% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে প্রাথমিক খাতের সংযোজিত মূল্য ৩.৭% বৃদ্ধি পেয়েছে।

গ্রামীণ অঞ্চলে ভোক্তা পণ্যের খুচরা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩.৩২ ট্রিলিয়ন ইউয়ান; যা আগের বছরের চেয়ে ২.৫% বেশি। এই বৃদ্ধির হার শহরের খুচরা বিক্রির প্রবৃদ্ধির হারের চেয়ে ১.৩ শতাংশ পয়েন্ট বেশি। এটি প্রমাণ করে যে, গ্রামীণ বাজারের ভোগের সক্ষমতা ও স্থিতিস্থাপকতা দেশের অভ্যন্তরীণ চাহিদা প্রসারে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে।

প্রথম অর্ধেকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ১৬৩.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৮% বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বছরের প্রথম ছয় মাসে দেশের গ্রামীণ বিনোদনমূলক পর্যটন এবং গ্রামীণ ই-কমার্স সহ নতুন নতুন শিল্প ও উদীয়মান খাতগুলো অত্যন্ত গতিশীলভাবে বিকশিত হয়েছে।

পাশাপাশি, পরিকল্পিতভাবে গ্রামীণ অবকাঠামো নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে গ্রামীণ উন্নয়ন প্রকল্প ব্যাংকে নতুন করে ৩ লাখেরও বেশি প্রকল্প যুক্ত হয়েছে, যার মধ্যে প্রায় ১০০ বিলিয়ন ইউয়ানের প্রকল্প তহবিল ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে গ্রাম অঞ্চলের অভ্যন্তরীণ রাস্তাঘাট, পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্যকর শৌচাগার সংস্কার, গৃহস্থালি বর্জ্য ও পয়ঃনিষ্কাশন প্রক্রিয়াকরণ এবং প্রবীণ নাগরিকদের কল্যাণমূলক সুবিধাদির দ্রুত আধুনিকীকরণ নিশ্চিত করা হচ্ছে।

সূত্র: সিএমজি