বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর ও সুসংগঠিত শিক্ষাগত অংশীদারিত্বের আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশ ও চীনের মধ্যে আরও গভীর এবং সুসংগঠিত শিক্ষাগত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। চীনের কুয়াংচৌয়ের সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন এক্সচেঞ্জ কনফারেন্স’-এ বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান।

সম্মেলনে শিক্ষামন্ত্রী যৌথ গবেষণা, শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং যৌথ মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর দীর্ঘমেয়াদি সহযোগিতার ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে তিনি উভয় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে টেকসই একাডেমিক অংশীদারিত্ব গড়ে তুলতে উৎসাহিত করেন।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

সূত্র: সিএমজি