আফরিন মিম
চীনের হ্যনান প্রদেশের চেংচৌ শহরে বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা পেয়েছে জন্মগত হৃদরোগে আক্রান্ত সাত তিব্বতি শিশু। বৃহস্পতিবার সবশেষ অস্ত্রোপচারের মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রমের এই ধাপ শেষ হল।
চেংচৌয়ের ৭ম পিপলস হাসপাতাল ও চায়না রেড ক্রস ফাউন্ডেশনের (সিআরসিএফ) যৌথ উদ্যোগে পরিচালিত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা কর্মসূচির আওতায় শিশুদের এই চিকিৎসা দেওয়া হয়।
তাদের মধ্যে পাঁচ বছর বয়সী থেনচিন ওয়াংমো শাননান শহরের একটি দুর্গম ও উচ্চভূমি এলাকায় বসবাস করে। চেংচৌয়ে আসার আগে অল্প দৌড়ালেই তার শ্বাসকষ্ট হত। শীতকালে দীর্ঘ সময় তার ঠোঁট নীলচে হয়ে থাকত।
চলতি বছরের জুনের শুরুতে চেংচৌয়ের ৭ম পিপলস হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি চিকিৎসক দল সিচাংয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা চালায়। সেখানে থেনচিনের হৃদপিণ্ডে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (এএসডি) শনাক্ত হয় এবং অস্ত্রোপচারের জন্য তাকে উপযুক্ত বলে বিবেচনা করা হয়।
জুলাইয়ের শেষ দিকে থেনচিনসহ আরও ছয় শিশু চিকিৎসার জন্য চেংচৌয়ে আসে। হাসপাতালে ভর্তির পর তাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা মূল্যায়ন করা হয়। আগস্টের শুরুতে থেনচিনের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
চেংচৌয়ের ৭ম পিপলস হাসপাতালের কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগের পরিচালক লিউ ছুনমিং জানান, থেনচিনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ফলাফলও খুব ভালো। অস্ত্রোপচারের পর শিশুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলেও আশাবাদী তিনি।
সাত শিশুর বিনামূল্যে চিকিৎসা পাওয়ার এই উদ্যোগটি তিব্বতের শিশুদের জন্য স্বাস্থ্যসেবায় সহায়তার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে।
সূত্র: সিএমজি