‘বুদ্ধিমত্তার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে শুক্রবার বেইজিংয়ে পর্দা উঠলো ২০২৬ আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনীর। মোট তিন লাখ ৮০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আয়োজিত প্রদর্শনীটি এখন বিশ্বের বৃহত্তম অটো শো। এবারের আসরে ১৮১টি নতুন মডেলের গাড়ি প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়েছে।
প্রদর্শনীতে স্থান পাওয়া মোট এক হাজার ৪৫১টি যানবাহনের মধ্যে ৮০ শতাংশেরও বেশি পরিবেশবান্ধব জ্বালানির গাড়ি, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মেলাজুড়ে ২১টি দেশ ও অঞ্চলের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবন প্রদর্শন করছে।
প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং কুয়াংচৌ অটোমোবাইল গ্রুপ যৌথভাবে বাজারে এনেছে ‘আইস্টাল্যান্ড জিটি৭’। এই শুটিং ব্রেক গাড়িটিতে হুয়াওয়ের সর্বশেষ ইনটেলিজেন্ট ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স এবং ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
জনপ্রিয় ব্র্যান্ড বিওয়াইডি উন্মোচন করেছে তাদের ফুল-সাইজ এসইউভি ‘তাথাং’। প্রতিষ্ঠানটির দাবি, এক কাপ কফি খাওয়ার সময়ের মধ্যেই এই গাড়িটি ৮০ শতাংশ চার্জ হতে সক্ষম।
বিশ্বখ্যাত গেম ‘গ্র্যান টুরিজমো ৭’-এর জন্য ডিজাইন করা শাওমির কনসেপ্ট সুপারকার ‘ভিশন গ্র্যান টুরিজমো’ সবার নজর কেড়েছে। শাওমির প্রতিষ্ঠাতা লেই চুন জানান, তাদের পরবর্তী লক্ষ্য জার্মানির বাজারে আধিপত্য বিস্তার করা।
বিশ্বখ্যাত ব্যাটারি নির্মাতা সিএটিএল তাদের তৃতীয় প্রজন্মের ‘শেনসিং’ আল্ট্রা-ফাস্ট চার্জিং ব্যাটারি প্রদর্শন করেছে।
আগামী ৩ মে পর্যন্ত চলবে এই বিশাল আয়োজন।
সূত্র: সিএমজি বাংলা