‘সুন্দর শেনচেনে আপনাদের সবার সঙ্গে মিলিত হতে পেরে আমি আনন্দিত। আসুন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতার বৃহত্তর পরিকল্পনা নিয়ে একসঙ্গে আলোচনা করি।’
১৯ নভেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শেনচেন আন্তর্জাতিক বিনিময় কেন্দ্রে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) ৩৩তম অনানুষ্ঠানিক নেতৃবৃন্দের বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় তিনি ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিস্ময়ের নতুন অধ্যায় রচনা’ শীর্ষক গুরুত্বপূর্ণ ভাষণ দেন।
ইতিহাস ও সময়ের ধারাবাহিকতাকে সামনে রেখে প্রেসিডেন্ট সি চিন পিং শান্তি ও পারস্পরিক সহযোগিতা, উন্মুক্ততা ও সংযোগ, অগ্রগামী উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভিত্তিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার বিষয়ে চীনের অবস্থান ও প্রস্তাবগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
একই সঙ্গে তিনি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী করা, সংযোগব্যবস্থার উন্নয়ন, উদ্ভাবনের নতুন ভিত্তি গড়ে তোলা এবং উন্নয়নের ভিত সুদৃঢ় করার প্রস্তাব দেন। এর মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার অগ্রযাত্রার দিকনির্দেশনা ও বাস্তব কর্মপথ তুলে ধরা হয়েছে। পাশাপাশি যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের বিষয়ে জুগিয়েছে আস্থা ও নতুন প্রেরণা।
৩০ বছরেরও বেশি আগে এপেকের জন্ম। এর মধ্য দিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার এক বিস্তৃত যাত্রার সূচনা ঘটে।
তিন দশকের বেশি সময়ে এই অঞ্চলের চেহারায় এসেছে আমূল পরিবর্তন। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিস্ময়’।
“এইমাত্র জাহাজে ওঠার সময় বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে আমার মনে ‘একই নৌকায় থেকে ঝড় মোকাবিলা’ করার কথাটি এসেছে।” ২০১৮ সালের নভেম্বরে এপেকের শিল্প ও বাণিজ্য নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট সি চিন পিং এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে যখন নানা পরিবর্তনের ঢেউ উঠছে এবং ঝুঁকি ও চ্যালেঞ্জ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, তখন আমরা সবাই একই নৌকায় রয়েছি। তাই একসঙ্গে উন্নয়ন ও সহযোগিতার পরিকল্পনা করা বিশেষ তাৎপর্য বহন করে।
বিশ্বে এখন পরিবর্তন ঘটছে শতাব্দীর নজিরবিহীন গতিতে। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্পক্ষেত্রে উদ্ভাবনের অগ্রযাত্রাও অব্যাহত রয়েছে।
নতুন সুযোগ ও চ্যালেঞ্জের মুখে এপেকের ৩৩তম অনানুষ্ঠানিক নেতৃবৃন্দের বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিং আবারও নৌকার উপমা ব্যবহার করে শান্তি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন পরিবারের সদস্যরা একই নৌকায় রয়েছেন। প্রশান্ত মহাসাগরের ঝড়ঝাপটা মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে, অভিন্ন স্বার্থের বন্ধন আরও দৃঢ় করতে হবে, হাতে হাত রেখে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং অভিন্ন কল্যাণের সমাজের চেতনা ধারাবাহিকভাবে লালন করতে হবে।’
‘সংযোগব্যবস্থা হলো আমাদের চলার পথ। তা সড়কপথ, রেলপথ, নৌপথ কিংবা ইন্টারনেট—যে পথই হোক না কেন, যেখানে সংযোগ পৌঁছাবে, সেখানেই আমাদের সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হবে।’ ২০১৪ সালের নভেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত এপেকের ২২তম অনানুষ্ঠানিক নেতৃবৃন্দের বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংযোগব্যবস্থা উন্নয়নের একটি বিস্তৃত রূপরেখা তুলে ধরেন।
গত ১০ বছরেরও বেশি সময় ধরে চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অংশীদারদের সঙ্গে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নিয়েছে। এর ফলে এ অঞ্চলের যোগাযোগ ও সংযোগব্যবস্থা এবং আঞ্চলিক একীভূতকরণে ধারাবাহিকভাবে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে।
অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা সচল রাখার বিষয়টি বোঝাতে প্রেসিডেন্ট সি চিন পিং একে ‘অর্থনীতির সঞ্চালনব্যবস্থার শিরা-উপশিরা সচল রাখা’র সঙ্গে তুলনা করেন।
তিনি বলেন, ‘উন্মুক্ত আঞ্চলিকতাবাদের নীতি অনুসরণ করে অর্থনৈতিক একীভূতকরণ প্রক্রিয়া স্থিতিশীলভাবে এগিয়ে নিতে হবে’ এবং ‘মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের পক্ষে অবস্থান নিয়ে উপাদান ও সম্পদের অবাধ প্রবাহের পথে বাধাগুলো দূর করতে হবে।’
লক্ষ্য অভিন্ন হলে গন্তব্যও খুব দূরে থাকে না। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষায়, ‘আমরা যদি উন্মুক্ততা ও সংযোগের চেতনা বাস্তবায়ন করি, তাহলে প্রশান্ত মহাসাগর সমৃদ্ধি ও প্রবৃদ্ধি এগিয়ে নেওয়ার এক মহাসড়কে পরিণত হতে পারে।’
১৮ নভেম্বর সন্ধ্যায় প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী ফেং লিইউয়ান এপেকের ৩৩তম অনানুষ্ঠানিক নেতৃবৃন্দের বৈঠকে অংশ নিতে আসা অতিথিদের সম্মানে এক স্বাগত ভোজের আয়োজন করেন। ভোজের আগে অতিথিরা হিউম্যানয়েড রোবট, থ্রিডি মুদ্রণ প্রযুক্তি এবং নতুন মডেলের ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য আগ্রহ নিয়ে ব্যবহার করে দেখেন। এর মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য উদ্ভাবন যে নতুন সুযোগ তৈরি করছে, তা তারা কাছ থেকে অনুভব করেন।
উদ্ভাবনই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। উদ্ভাবনের মাধ্যমে ডিজিটাল, বুদ্ধিমান ও পরিবেশবান্ধব রূপান্তর এগিয়ে নেওয়া গেলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতির জন্য প্রবৃদ্ধির নতুন নতুন ক্ষেত্র উন্মুক্ত হবে।
এপেকের ৩৩তম অনানুষ্ঠানিক নেতৃবৃন্দের বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, অগ্রগতির চেতনা জোরদার করতে হবে, এপেকের উদ্ভাবন ও নতুন উদ্যোগের পরীক্ষাগার হিসেবে ভূমিকা আরও বাড়াতে হবে, প্রাতিষ্ঠানিক ধারণা ও কাঠামোগত সংস্কারে উদ্ভাবন আনতে হবে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতির প্রাণশক্তি ও সম্ভাবনাকে ক্রমাগত উন্মুক্ত করতে হবে।
উদ্ভাবনের ভিত্তি কীভাবে গড়ে তোলা যায়, সে বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাব করেন, ‘ডিজিটাল অবকাঠামো নির্মাণ জোরদার করতে হবে, আঞ্চলিক তথ্য ব্যবস্থাপনা ও সমন্বিত সহযোগিতা উন্নত করতে হবে এবং সীমান্তপারের তথ্যপ্রবাহকে আরও কার্যকর, সহজ ও নিরাপদ করতে হবে। উন্মুক্ত উদ্ভাবনী পরিবেশ গড়ে তুলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রয়োগ উৎসাহিত করতে হবে এবং শিল্পের রূপান্তর ও উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।’
এপেকের ‘চীন-বর্ষ’-এর প্রতীকচিহ্নে ২১টি পরস্পর জড়ানো ডানার সমন্বয়ে উড়তে থাকা এক বিশাল পাখির অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্য দিয়ে ‘সময় ও বৃহত্তর প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে আকাশে উড়াল দেওয়ার’ আন্তরিক প্রত্যাশা ফুটে উঠেছে।
শেনচেন থেকে নতুন যাত্রা শুরু করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার একজন উদ্যোগী, অগ্রণী ও সক্রিয় অংশীদার হিসেবে চীন সব পক্ষের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। উন্মুক্ততার মাধ্যমে আঞ্চলিক একীভূতকরণ এগিয়ে নেওয়া, সংযোগব্যবস্থার মাধ্যমে অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করা এবং উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নের নতুন চালিকাশক্তি সৃষ্টি করার মধ্য দিয়ে চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতাকে সেই বিশাল পাখির মতো ডানা মেলে আরও দূর, আরও বিস্তৃত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে চায়।
সিএমজি