মানুষের মতোই স্পর্শে সংবেদনশীল এআই আলো ছড়াচ্ছে শাংহাইয়ে

সাকিব সিকান্দার

শাংহাইয়ে চলমান ২০২৬ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন এবং বৈশ্বিক এআই শাসনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে মানুষের মতো সংবেদনশীল সেন্সর-সংবলিত বিভিন্ন প্রদর্শনী সবার নজর কেড়েছে। এগুলো দেহধারী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

সম্মেলনে শিল্পক্ষেত্র ও দৈনন্দিন জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম অত্যাধুনিক রোবট প্রদর্শন করা হয়েছে। এ বছর চীনে মানবসদৃশ রোবটের উৎপাদন এক লাখ ইউনিট অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখযোগ্য প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে উন্নত দৃষ্টিশক্তি ও স্পর্শ-সংবেদনশীল সেন্সরযুক্ত একটি রোবোটিক বাহু। এটি দৃশ্যগত তথ্য যথেষ্ট না হলেও অত্যন্ত সূক্ষ্ম স্পর্শের মাধ্যমে আসল চিনাবাদাম ও নকল চিনাবাদামের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে। এছাড়া আরেকটি রোবোটিক বাহু তরল স্থানান্তরের দক্ষতাসম্পন্ন, যা স্পর্শ-সংবেদনশীল সেন্সরের সাহায্যে পিপে দৃঢ়ভাবে ধরতে সক্ষম।

প্রদর্শক লি চিছিয়াং বলেন, ‘দৃষ্টি ও স্পর্শের সমন্বিত পদ্ধতিই রোবটগুলোকে মানুষের বৈশিষ্ট্যের সবচেয়ে কাছাকাছি নিতে পারে। আমরা বিশ্বাস করি, দেহধারী কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রকৃত স্পর্শ-সংবেদন অবশ্যই মানুষের স্পর্শ সংকেতের কাছাকাছি হতে হবে। সেন্সরের ওপরের অংশে একটি নমনীয় স্তর রয়েছে। এতে মানুষের ত্বকের মতোই স্পর্শ করলে পরিবর্তন বা বিকৃতি ঘটে। কোনো বস্তুর সংস্পর্শে এলে সেই বিকৃতির ফলে পেছনের অংশে আলো ফেললে আলো-ছায়ার বিন্যাস পরিবর্তিত হয়। অর্থাৎ, আমরা মূলত ফোটনের সাহায্যে এই বিকৃতি পরিমাপ করি। এর ফলে মিলিনিউটন মাত্রার বল এবং মাইক্রন মাত্রার রেজোল্যুশন পর্যন্ত অত্যন্ত উচ্চ নির্ভুলতা অর্জন সম্ভব হয়। এভাবেই আমরা বল ও পৃষ্ঠের গঠনের (টেক্সচার) তথ্য পুনর্গঠন করতে পারি।‘

দৃষ্টি ও স্পর্শ-সংবেদনশীল সেন্সরযুক্ত প্রদর্শনীর পাশাপাশি, এ অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল মানুষের হাতে পরিধানযোগ্য নমনীয় ইলেকট্রনিক স্পর্শ-সংবেদনশীল গ্লাভস, যা রোবটকে চারপাশের বিশ্ব আরও ভালোভাবে অনুভব করতে সহায়তা করে।

এক প্রদর্শক লাই চিয়ানছেং বলেন, ‘এই গ্লাভসের নকশা মানুষের হাতের তালুর রেখাকে ভিত্তি করে তৈরি করা হয়েছে। মানুষের হাতে যেখানে দীর্ঘদিন বেশি ঘর্ষণ হয়, সেখানে যেমন কড়া পড়ে, তেমনি আমরা সেই স্থানগুলোতে সেন্সর সংযোজন করেছি। এর ফলে কাজের সময় স্পর্শ-সংক্রান্ত সব ধরনের অনুভূতি ধারণ করা সম্ভব হয়। গ্লাভসটি স্পর্শের পরিবর্তন গতিশীলভাবে শনাক্ত করতে পারে এবং পুরো প্রক্রিয়াটি অত্যন্ত মসৃণভাবে সম্পন্ন হয়।‘

সূত্র: সিএমজি