মূল ভূখণ্ডে ভ্রমণ নিরুৎসাহিত করতে ভীতি প্রদর্শনের অভিযোগে তাইওয়ানের ডিপিপি কর্তৃপক্ষের সমালোচনা বেইজিংয়ের

তাইওয়ানের জনগণকে মূল ভূখণ্ডে ভ্রমণ থেকে বিরত রাখতে ভীতি প্রদর্শন ও বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ এনে তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছে চীনের মূল ভূখণ্ড।

বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে স্টেট কাউন্সিলের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র চাং হান বলেন, ডিপিপি কর্তৃপক্ষ প্রতারণা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রণালী-পার আদান-প্রদান বাধাগ্রস্ত করছে এবং দুই পাড়ের জনগণের পারস্পরিক সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে।

মূল ভূখণ্ডে নিখোঁজ বা আটক হওয়া তাইওয়ানের বাসিন্দাদের কথিত ঘটনাগুলোর সাপ্তাহিক হালনাগাদ প্রকাশের ডিপিপি’র পরিকল্পনা এবং তাইওয়ানের বাসিন্দাদের ঝুঁকি মূল্যায়ন করে সম্ভব হলে মূল ভূখণ্ডে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চাং হান বলেন, ‘ডিপিপি কর্তৃপক্ষ তাইওয়ান অঞ্চলের জনগণকে আতঙ্কিত করতে, প্রতারিত করতে এবং ভয় দেখাতে গিয়ে তথ্যপ্রমাণ উপেক্ষা করেছে, মনগড়া দাবি তৈরি করেছে এবং বারবার তথাকথিত ‘নিখোঁজ ব্যক্তি’র ঘটনাকে অতিরঞ্জিত করেছে। এর মাধ্যমে তারা প্রণালী-পার আদান-প্রদানকে নিরুৎসাহিত করা এবং প্রণালীর উভয় পারের স্বদেশীদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার লক্ষ্য অর্জন করতে চাইছে। তাদের এই কর্মকাণ্ড লজ্জাজনক এবং তাদের উদ্দেশ্য জঘন্য।‘

সূত্র: সিএমজি