যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক প্রত্যাহারের আহ্বান চীনের

তথাকথিত জোরপূর্বক শ্রম ইস্যুর অজুহাত দেখিয়ে আরোপিত একতরফা অতিরিক্ত শুল্ক পুরোপুরি প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার চীনের এক মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত তাদের ভুল পদক্ষেপ সংশোধন করে শুল্ক অবিলম্বে বাতিল করা।’

সম্প্রতি জোরপূর্বক শ্রম– সংক্রান্ত একটি তদন্তের পর চীনসহ ৬০টি অর্থনীতির ওপর অতিরিক্ত সেকশন ৩০১ শুল্ক আরোপের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওই মুখপাত্র বলেন, চীন সবসময় জোরপূর্বক শ্রমের বিরোধিতা করে এবং এ ধরনের কার্যক্রম প্রতিরোধ ও দমনে একটি পূর্ণাঙ্গ শ্রম আইন ও নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলেছে। বিপরীতে যুক্তরাষ্ট্র এখনো ১৯৩০ সালের ‘ফোর্সড লেবার কনভেনশন’ অনুসমর্থন করেনি এবং দীর্ঘদিন ধরে ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। ‘

চীনের মতে, ‘জোরপূর্বক শ্রমে’র অজুহাতে নতুন করে সেকশন ৩০১ তদন্ত শুরু এবং একতরফা শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও সংরক্ষণবাদের আরেকটি উদাহরণ।

মুখপাত্র আরও বলেন, চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল, চীনা পণ্যের ওপর বিকল্প অতিরিক্ত শুল্ক ২০ শতাংশের বেশি হবে না। বর্তমানে এ হার ১২ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে তথাকথিত ফেন্টানিল শুল্ক ও পারস্পরিক শুল্কের জবাবে চীনের পাল্টা ব্যবস্থা এখনো বহাল আছে।

চীন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন হলে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

সূত্র: সিএমজি