শেনচেনে অনুষ্ঠিত হবে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক

ইয়াং চি চেন অনুপমা, সিএমজি বাংলা, বেইজিং

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্যায়ের, সবচেয়ে বড় পরিসরের এবং সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক সহযোগিতা ব্যবস্থা। চীন সবসময় এ অঞ্চলের অংশীদারদের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগ করে নিয়েছে।

আগামী ১৮ নভেম্বর (বুধবার) থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক কুয়াংতুং প্রদেশের শেনচেনে অনুষ্ঠিত হবে। এপেকের সদস্যদেশগুলোর প্রজ্ঞা ও শক্তিকে একত্রিত করে চীন সব পক্ষের সঙ্গে যৌথভাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধি এগিয়ে নিতে কাজ করবে।

‘চীন-বর্ষে’ এপেকের সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক গতকাল (রোববার) শেনচেনে শেষ হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী পক্ষগুলো বিভিন্ন বিষয়ে গভীর মতবিনিময় করেছে এবং ব্যাপক ঐকমত্যে পৌঁছেছে। পাশাপাশি আসন্ন নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তুতিও সম্পন্ন করেছে।

প্রতিষ্ঠার পর ৩৭ বছর ধরে এপেক ‘উন্মুক্ত আঞ্চলিকতাবাদ’-এর ধারণা অনুসরণ করে আসছে। এর ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্ব অর্থনীতির সবচেয়ে গতিশীল অঞ্চলে পরিণত হয়েছে।

তবে বর্তমানে বিশ্বজুড়ে সংরক্ষণবাদ বাড়ছে এবং ভূরাজনৈতিক সংঘাত অব্যাহত রয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল উন্নয়নের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে—কীভাবে এ অঞ্চল উন্নয়ন ও সমৃদ্ধির ধারা বজায় রাখবে?

ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে সময়ের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে সুস্পষ্ট প্রস্তাব ও বাস্তবসম্মত পদক্ষেপ তুলে ধরেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তার এসব প্রস্তাব এ অঞ্চলের উন্নয়নের সঠিক দিকনির্দেশনা দিচ্ছে।

আসিয়ানের মহাসচিব কাও কিম হর্ন বলেন, অভিন্ন কল্যাণের সমাজ বলতে এমন একটি ভবিষ্যৎকে বোঝায়, যেখানে সবাই একে অপরের সঙ্গে যুক্ত থাকবে। আমরা শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ ও জনকেন্দ্রিক ভবিষ্যৎ চাই। প্রেসিডেন্ট সি সবসময় এমন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানিয়ে আসছেন। আশা করি, চীন তার নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখবে এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, সমৃদ্ধি অর্জন এবং বৈশ্বিক উন্নয়নে গতি সঞ্চারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে।

চীন উচ্চমানের ‘আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারত্ব’ (আরসিইপি) চুক্তি বাস্তবায়ন করে আসছে। একই সঙ্গে ‘চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল ৩.০’ গঠনের কাজ এগিয়ে নিচ্ছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক তালিকা সংকুচিত করেছে এবং সেবা খাতের উন্মুক্ততা বাড়িয়েছে। এর মাধ্যমে উন্মুক্তকরণের সুফল প্রতিবেশী অংশীদারদের সঙ্গে ভাগ করে নিতে পারছে।

থাইল্যান্ডে চীনের নতুন জ্বালানিচালিত যানবাহন শিল্পের সহায়তায় স্থানীয় গাড়ি শিল্পের উৎপাদনশৃঙ্খল উন্নত হয়েছে। মালয়েশিয়ায় চীনা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ স্থানীয় গাড়ির ব্র্যান্ডগুলোকে মুনাফা অর্জনে সহায়তা করছে। এর ফলে পারস্পরিক সুবিধার ভিত্তিতে নতুন শিল্প পরিবেশ গড়ে উঠেছে। অন্যদিকে, পেরুতে দুই বছর ধরে চালু থাকা চানকাই বন্দর এশিয়া ও লাতিন আমেরিকার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদানের একটি ‘দ্রুত পথ’ হয়ে উঠেছে। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়ভাবে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছে।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা বলেন, অবকাঠামো ও জ্বালানি রূপান্তরের মতো বিভিন্ন ক্ষেত্রে চীন বিশ্বে অগ্রণী অবস্থানে রয়েছে। এপেকের কাঠামোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি করা এবং এ অঞ্চলের দেশগুলোকে আরও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এপেকের কাঠামোর মধ্যে চীন তার নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখবে।

চীন অন্তর্ভুক্তিমূলক মনোভাব নিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পৃক্ত থাকবে। সব পক্ষের সঙ্গে যৌথ প্রচেষ্টায় এ অঞ্চলে উন্মুক্ততা, উদ্ভাবন ও সহযোগিতার এক নতুন অধ্যায় রচনা করবে।